বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে ২ নভেম্বর ডেইলি স্টার পত্রিকায় তাঁকে উদ্ধৃত করে যে বক্তব্য ছাপা হয়েছে, তা সঠিক নয়। আর এটাকে সূত্র করে দৈনিক আমার দেশ বিভ্রান্তিমূলক প্রতিবেদন করেছে।গত রোববার সন্ধ্যায় রাজধানীর নিউ ডিওএইচএসের বাসায় এক সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান এ কথা বলেন।বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের ভারত সফরের প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আমি কিছু বক্তব্য রেখেছি। ছিটমহল, সীমান্ত হত্যা, নদীর পানি, সমুদ্রসীমানা ও বাণিজ্য বৈষম্যের বিষয়গুলো তুলে ধরি। এসবের সমাধানে দল ক্ষমতায় এলে বিএনপির সঙ্গে ভারত সরকার ও সে দেশের রাজনৈতিক দলগুলোর সৌহার্দ্য ও আস্থার সম্পর্ক অপরিহার্য। সেই লক্ষ্য অর্জনে বিএনপির চেয়ারপারসনের ভারত সফর সাফল্যমণ্ডিত হয়েছে।’মাহবুবুর রহমান বলেন, ‘তারেক রহমানকে নিয়ে আমি কোনো বক্তব্যই রাখিনি। যেহেতু বিষয়টি চেয়ারপারসনের ভারত সফর ও ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়, তাই তারেক রহমানকে নিয়ে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ ছিল না।’ তিনি বলেন, তাৎক্ষণিকভাবে বিষয়টি ডেইলি স্টারকে অবগত করে প্রতিবাদ পাঠালে তা তারা ছাপে।বিএনপির স্থায়ী কমিটির এই নেতা দাবি করেন, ‘আমার দেশ বিষয়টি নিয়ে অযাচিতভাবে বিভ্রান্তিমূলক প্রতিবেদন লিখেছে। তিলকে তাল বানিয়েছে। এই প্রতিবেদন আমাকে রাজনৈতিকভাবে হেয় করে ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে।’মাহবুবুর রহমান আশা প্রকাশ করেন, এই বক্তব্যের পরে সব অঙ্গনে সব ভুল-বোঝাবুঝির অবসান ঘটবে।