দুটি পথে বাস চলাচল বন্ধ আট দিন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার জেরে বাসে আগুন দেওয়ার ঘটনায় সমঝোতা না হওয়ায় গতকাল শনিবার অষ্টম দিনের মতো গোপালগঞ্জ-কোটালীপাড়া ও রাজৈর-কোটালীপাড়া সড়কে বাস চলাচল বন্ধ থাকে।
এদিকে বাস পোড়ানোর ঘটনায় কোটালীপাড়া থানায় মামলা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারি কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে কমলকুঁড়ি বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র সিয়াম সরদার বাসচাপায় নিহত হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং রাস্তা অবরোধ করে। এর জের ধরে গোপালগঞ্জ-কোটালীপাড়া ও রাজৈর-কোটালীপাড়া সড়কে আট দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। এ সমস্যার সমাধানে গত শুক্রবার রাতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাস মালিক ও শ্রমিক কোটালীপাড়ার রাজনৈতিক ও সামাজিক নেতা এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ত্রিপক্ষীয় সভা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত সমঝোতার চেষ্টায় সভা হলেও কোনোরকম সিদ্ধান্ত ছাড়া সভা মুলতবি করা হয়। আগামীকাল সোমবার আবার এ বৈঠক হবে।
গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান গতকাল বলেন, চালককে মুক্তি দেওয়া, বাসের ক্ষতিপূরণ, বাস চলাচলের নিরাপত্তা, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করা না হলে বাস চলাচল শুরু করা সম্ভব নয়।