দুটি পরিবহনের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহন ভাঙচুর ও চালকদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈর থেকে ঢাকাগামী দুটি পরিবহনের যাত্রীবাহী বাস চলাচল গতকাল মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। কালিয়াকৈর পরিবহন কার্যালয় সূত্র জানায়, গত সোমবার গাজীপুরের কোনাবাড়ী আরিফ কলেজের শিক্ষার্থীরা কোনাবাড়ী এলাকায় লাঠিসোঁটা নিয়ে কালিয়াকৈর থেকে ঢাকাগামী বনশ্রী পরিবহন ও কালিয়াকৈর পরিবহনের ২০-২২টি বাসে ব্যাপক ভাঙচুর এবং চালক ও সহযোগীদের মারধর করে। এ ঘটনার জের ধরে বাসমালিকেরা গতকাল মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী কালিয়াকৈর পরিবহন ও প্রভাতী বনশ্রী পরিবহনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।গাজীপুর জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আফছার উদ্দিন জানান, বাস ভাঙচুর ও চালক-সহযোগীদের মারধরের ঘটনায় তিনি দুই ছাত্রের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জড়িত শিক্ষার্থীদের বিচার না হওয়া পর্যন্ত যানবাহন বন্ধ থাকবে।এদিকে ওই দুটি পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গতকাল দুর্ভোগে পড়তে হয়েছে গাজীপুর ও ঢাকাগামী যাত্রীদের। বিশেষ করে, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিস-আদালতগামী ব্যক্তিরা চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বাসমালিক ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বিষয়টির সমাধান করা হবে।