দুটি পর্যটন প্রকল্পের স্থান পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে প্রস্তাবিত দুটি পর্যটন প্রকল্পের জায়গা পরিদর্শন করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতিনিধিদল।
গতকাল রোববার সকালে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল টেকনাফের একটি হোটেলের সম্মেলনকক্ষে বৈঠক করে। এরপর তারা দমদমিয়া-সংলগ্ন জালিয়ারদিয়ায় প্রস্তাবিত নাফ ট্যুরিজম পার্ক প্রকল্প এলাকা ঘুরে দেখেন। বেলা একটার দিকে তাঁরা সাবরাং ট্যুরিজম প্রকল্পের জায়গা পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম।
বেজার প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বেজার নির্বাহী বোর্ডের সচিব মোহাম্মদ আইয়ুব, মহাব্যবস্থাপক এস এম নুরুল আলম, বেজা প্রকল্পের সোশ্যাল স্পেশালিস্ট মোহাম্মদ আবদুল কাদের খান ও বেজার সহকারী প্রকৌশলী রুহুল আমিন চন্দন।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, রোববার নাফ ট্যুরিজম পার্ক প্রকল্পের নামফলক স্থাপন করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে এই প্রকল্পের মাটি ভরাটের কাজ শেষ হবে। ২০১৮ সালের মধ্যে নাফ ট্যুরিজম পার্ক পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।