দুটি পলিথিন গুদাম সিলগালা, একজনকে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন। এ সময় ৪ টন পলিথিন জব্দ করা হয়। সিলগালা করে দেওয়া হয় দুটি গুদাম।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. সিরাজ। তিনি রিয়াজউদ্দিন বাজার যমুনা মার্কেটের আরমান এন্টারপ্রাইজ নামের দোকানের ব্যবস্থাপক। তাঁদের গুদামটি সিলগালা করা হয়। এ ছাড়া রুবেল এন্টারপ্রাইজ নামের অপর একটি দোকানের গুদামও সিলগালা করে দেওয়া হয়। দুই গুদাম থেকে মোট ৪ টন বিক্রি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা ও পুলিশ উপস্থিত ছিলেন।
৫ হাজার মিটার জাল জব্দ: চট্টগ্রামের হালদা নদীর মৎস্য অভয়াশ্রমে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার জাল জব্দ করেছে জেলা মৎস্য দপ্তর। গতকাল বৃহস্পতিবার কালুরঘাট থেকে নাজিরহাট পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব। এ সময় হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, কামাল উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। পুলিশ অভিযানে সহযোগিতা করে।
মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, মা-মাছ রক্ষায় হালদার ৪০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। সেখানে কোনো প্রকার জাল বসানো নিষেধ। জাল বসিয়ে মাছ ধরার কারণে এগুলো জব্দ করা হয়।