দুটি পাইপগানসহ আটক ৩
ময়মনসিংহের ভালুকা উপজেলার হাজিরবাজার এলাকায় ভূমিদস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে দেশীয় দুটি পাইপগানসহ তিন সন্ত্রাসীকে থানা পুলিশ আটক করেছে। গত বুধবার ভোর রাতে থানা পুলিশের একটি দল অভিযানকালে পাইপগান উদ্ধারের সময় পাঁচটি রামদা, লোহার রড, শাবল, একটি মোটরসাইকেলও আটক করেছে তারা।থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ধামশুর মৌজায় ১২১৭ দাগে প্রায় ১২ একর জমি শাকুর গংয়ের পক্ষে চার মাস আগে জবরদখল করে ১০-১২টি তাঁবু টাঙিয়ে শতাধিক সন্ত্রাসী অবস্থান নেয়। এতে ওই এলাকায় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করে আসছিল। এতে এলাকাবাসী যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছিল। গত বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসপি (সার্কেল গফরগাঁও) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই সব তাঁবুতে অভিযান চালিয়ে অস্ত্রসহ নুরুল ইসলাম (৪০), মাজাহারুল ইসলাম (১৯) ও নুরুল হক (৪২) নামে তিন সন্ত্রাসীকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছে।