দুটি পাঠ্যবইয়ে ১০ ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম ও সপ্তম শ্রেণির দুটি পাঠ্যবই পর্যালোচনা করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ১০টি স্পর্শকাতর ভুল পেয়েছে। এ নিয়ে বিব্রত এনসিটিবি সব বইয়ের ভুলত্রুটি খোঁজা এবং দায়ী কর্মকর্তাদের চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে।
গত জানুয়ারিতে নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার পর বিভিন্ন ভুলত্রুটি নিয়ে আলোচনা শুরু হয়। নমুনা হিসেবে এনসিটিবি সপ্তম শ্রেণির সপ্তবর্ণা (বাংলা) এবং পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই দুটি পর্যালোচনার সিদ্ধান্ত নেয়। এর একটি বইয়ের পাণ্ডুলিপি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। বই দুটির লেখক, সম্পাদক ও পরিমার্জনকারী ছিলেন ১৯ জন। এনসিটিবির একটি কমিটি তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছে।
এনসিটিবির কর্মকর্তারা ধারণা করছেন, সব বইয়ে ছোট-বড় ভুল আছে। পাঠ্যপুস্তক বোর্ড সম্প্রতি সভা ডেকে প্রতিটি বইয়ের ভুলত্রুটি খোঁজার সিদ্ধান্ত নেয়। সভায় বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন সিদ্দিকী বলেন, যাঁর বইয়ে ভুল থাকবে, দায়দায়িত্ব সেই পরিমার্জনকারীকেই নিতে হবে।
গত ২৮ জানুয়ারি স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী সংসদে প্রশ্ন রাখেন, ভুলে ভরা এ ধরনের বই কীভাবে ছাপানো হলো? তিনি এ বিষয়ে শিক্ষামন্ত্রীর বিবৃতি দাবি করেন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন একাত্তরে!: সপ্তম শ্রেণির বাংলা বইয়ের ৮১ পৃষ্ঠায় উল্লেখ আছে, ১৯৭১ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন ১৯৭২ সালে।
এনসিটিবি সূত্র জানায়, ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত পাঠ্যবইয়েও ১৯৭২ সাল উল্লেখ ছিল। এবার ১৯৭১ সালের কথা কীভাবে এল, সেই রহস্য কেউ খুঁজে পাচ্ছে না।
স্পর্শকাতর এই ভুলের বিষয়টি প্রকাশ হওয়ার পর এনসিটিবির পক্ষ থেকে ঊর্ধ্বতন বিশেষজ্ঞ মেহের নিগারকে প্রধান করে কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনে এনসিটিবির গবেষণা কর্মক র্তা ও পরিমার্জনকারী সৈয়দ মইনুল হাসানকে দায়ী করে বলা হয়েছে, তিনি অবহেলা ও চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।
জানতে চাইলে অধ্যাপক রতন সিদ্দিকী প্রথম আলোকে বলেন, প্রতিটি বইয়ের জন্য এক বা একাধিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকেন। যাঁদের বইয়ে ভুল থাকবে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিন কবির কবিতায় ভুল: সপ্তম শ্রেণির বাংলা বইয়ের ৬৪ পৃষ্ঠায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলাদেশের হৃদয়’ কবিতার সপ্তম লাইনের পর অষ্টম লাইন পুরোপুরি বাদ পড়েছে। অষ্টম লাইনে বলা আছে, ‘তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে’। বইটির ৭১ পৃষ্ঠায় কবি কালিদাস রায়ের ‘অপূর্ব প্রতিশোধ’ কবিতার তৃতীয় ও চতুর্থ লাইন বাদ পড়েছে।
বইয়ের ৬৮ পৃষ্ঠায় সুকুমার রায়ের ‘আনন্দ’ কবিতার প্রথম লাইন বাদে একটি লাইনও সঠিকভাবে সাজানো হয়নি। অথচ কবিতাটি দুটি কলামে ৮ লাইন করে মোট ১৬ লাইন হবে। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত কবিতাটি অসংগতিপূর্ণভাবে মুদ্রিত হয়ে আসছে। তখন বইটির বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন মো. হান্নান মিয়া ও সৈয়দ মইনুল হাসান।
পাঠ্যপুস্তক বিশেষজ্ঞের অন্যতম দায়িত্ব হচ্ছে, মুদ্রিত পাঠ্যবইয়ে তত্ত্ব ও তথ্যগত ভুল সংশোধন এবং বাংলা একাডেমির ব্যবহারিক বানানরীতি অনুযায়ী বানান সংশোধন।
এ প্রসঙ্গে রতন সিদ্দিকী বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে জবাব নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাল-তারিখ নিয়ে ভুল: পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ১৯ পৃষ্ঠায় লেখা আছে, ‘১৯৪৭ সালে নির্মিত সিপাহি বিদ্রোহের স্মৃতিসৌধ বাহাদুর শাহ পার্ক, ঢাকা’। এখানে ১৯৪৭ নয়, হবে ১৯৫৭ সাল। একই বইয়ের ১৯ পৃষ্ঠায় বলা হয়েছে, উনিশ শতকে বাহাদুর শাহ পার্কের নাম পরিবর্তন করে ভিক্টোরিয়া পার্ক রাখা হয়। সঠিক তথ্য হচ্ছে, বিশ শতকে এই পার্কের নাম পরিবর্তন হয়। নেপালে সংঘটিত ভূমিকম্পের তারিখ ২০১৫ সালের ২৪ এপ্রিল ছাপা হয়েছে, এটা হবে ২৫ এপ্রিল।
পাণ্ডুলিপি নিখোঁজ: পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের পাণ্ডুলিপি খুঁজে পাওয়া যাচ্ছে না। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম উইং এবং সম্পাদনা শাখা লেখক, সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত মূল পাণ্ডুলিপি সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।’ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই রচনা ও সম্পাদনার দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার অধ্যাপক মাহবুবা নাসরীন, আবদুল মালেক, ইশানী চক্রবর্তী ও সেলিনা আক্তার। এনসিটিবির পরিমার্জনকারী ছিলেন লানা হুমায়রা খান, মো. মোসলেহউদ্দিন সরকার, মো. মোস্তফা সাইফুল আলম ও মো. আবু সালেক খান।
পাণ্ডুলিপি না পাওয়া সম্পর্কে জানতে চাইলে এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) সরকার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, একসঙ্গে পুরো পাণ্ডুলিপি সংরক্ষণ করা হয় না, এর সুযোগও নেই। কারণ, পাণ্ডুলিপি নিয়ে একেকজন একেকভাবে কাজ করেন। শেষ পর্যন্ত যে পাণ্ডুলিপি থেকে চূড়ান্ত মুদ্রণ হয়, সেটি সংরক্ষণ হয় না।
ডেপুটি স্পিকারের মত উপেক্ষিত: জাতীয় সংসদের তৎকালীন ডেপুটি স্পিকার শওকত আলী ২০১২ সালের ২৭ জুন শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ শব্দগুচ্ছের মাঝখান থেকে ‘ষড়যন্ত্র’ শব্দটি বাদ দেওয়ার অনুরোধ জানান। শিক্ষা মন্ত্রণালয় সপ্তম শ্রেণির বাংলা বই থেকে ‘ষড়যন্ত্র’ কথাটি বাদ দেওয়ার জন্য এনসিটিবিকে চিঠি দেয়। এ বিষয়ে তদন্ত কমিটি বলেছে, এনসিটিবির সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এ নির্দেশনা পালনে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।
এ ছাড়া পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ৯২ পৃষ্ঠায় জাতিসংঘের চারটি প্রশাসনিক শাখার নাম লিখতে বলা হয়েছে। অথচ জাতিসংঘের প্রশাসনিক শাখা একটি।
জানতে চাইলে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, কিছু ভুলত্রুটির খবর জানার পর এনসিটিবিকে সেগুলো তদন্ত করতে বলা হয়েছে। ধারণা করা যায়, বিভিন্ন বইয়ে বেশ কিছু ভুল থাকতে পারে এবং সব কটি বই সংশোধন করতে বলা হবে।
লেখক, সম্পাদক ও পরিমার্জনকারী যাঁরা: প্রতিটি বইয়ের লেখক, সম্পাদক, বিষয় বিশেষজ্ঞ ও পরিমার্জনকারী থাকেন এবং তাঁদের সংখ্যা ৮ থেকে ১২ জন। সপ্তম শ্রেণির বাংলা বইয়ের রচয়িতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী ও বিশ্বজিৎ ঘোষ এবং ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক শামীম জাহান আহসান। বইটির চার সম্পাদক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকউল্লাহ খান ও সৌমিত্র শেখর, এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) সরকার আবদুল মান্নান এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শোয়াইব জিবরান। পরিমার্জনকারীরা হলেন অধুনালুপ্ত জগন্নাথ কলেজের সাবেক অধ্যাপক মোরসেদ শফিউল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্যামলী আকবর, দিনাজপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক মো. মামুনুর রশিদ এবং এনসিটিবির গবেষণা কর্মকর্তা সৈয়দ মইনুল হাসান।
তদন্ত প্রতিবেদনে লেখক ও সম্পাদকদের দায়ী করা প্রসঙ্গে অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ প্রথম আলোকে বলেন, বই সম্পাদনার জন্য যে সময় বেঁধে দেওয়া হয়, তার মধ্যে এ কাজ করা প্রায় অসম্ভব। তা ছাড়া পুরোনো লেখা আনার ক্ষেত্রে অনেক সময় উৎসে ভুল থাকে। আবার সম্পাদনার পর এনসিটিবি প্রুফ মিলিয়ে দেখে। এসব করতে করতে বই ছাপার সময় চলে আসে। সম্পাদকদের পক্ষেও অনেক সময় চূড়ান্ত কপি দেখার আর সুযোগই থাকে না। তাঁর মতে, এনসিটিবি যে প্রক্রিয়ার মধ্যে কাজ করায়, তা বিপজ্জনক মনে হয়।
রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সহকারী শিক্ষক আজমিরা খাতুন প্রথম আলোকে বলেন, বিনা মূল্যে বই বিতরণ করে সরকার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা প্রশংসাযোগ্য। এসব বই ত্রুটিবিচ্যুতিহীন করা এনসিটিবির দায়িত্ব।