দুটি পৃথক মামলায় এলডিপি সভাপতি অলি আহমদের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি পৃথক মামলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাংসদ অলি আহমদ গতকাল মঙ্গলবার জামিন পেয়েছেন। উচ্চ আদালতের নির্দেশে অলি আহমদ গতকাল মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে হাজির হন। শুনানির পর হাকিম পুলিশের প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন। একই আদেশে অন্য ১৭ আসামির জামিনও মঞ্জুর করেন আদালত। আওয়ামী লীগের একজন নারী সাংসদ সম্পর্কে কটূক্তি এবং আদালত চত্বরে মারধর ও ভাঙচুরের অভিযোগে অলি আহমদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়। চন্দনাইশের এক সমাবেশে অলি আহমদ ওই নারী সাংসদ সম্পর্কে কটূক্তি করলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন স্থানীয় ব্যবসায়ী আফতাব আহমেদ। মামলায় তিনি গত ২৪ নভেম্বর আদালতে জামিন নিতে যান। ওই দিন আদালত চত্বরে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে এলডিপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা হয়।আদালত সূত্র জানায়, মানহানির মামলায় অলিসহ ১৮ জন আসামিকে হাইকোর্ট ১৭ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল ১৮ জনই আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত আগামী ২৬ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী দিন ধার্য করেন। আদালত সূত্র আরও জানায়, আদালত চত্বরে মারধর ও ভাঙচুরের ঘটনায় পুলিশ গত ২৪ নভেম্বর রাতে আরেকটি মামলা করেন। এ মামলাতেও তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন উচ্চ আদালত।