দুটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রডাকশন ইনসেন্টিভ বোনাস, টিফিন ভাতা, ইনক্রিমেন্ট ও হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে গতকাল বুধবার গাজীপুরে দুটি পোশাক কারখানায় শ্রমিকেরা বিক্ষোভ করেছেন৷
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বোনাস, টিফিন ভাতা, বিশুদ্ধ খাবার পানিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরা এলাকার হুপ লোন অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন৷ একপর্যায়ে তাঁরা কারখানার ভেতর থেকে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কারখানায় ছুটি ঘোষণা করে৷ পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
অপরদিকে ইনক্রিমেন্ট ও হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে গতকাল সকালে গাজীপুর সদর উপজেলার সাইনবোর্ড এলাকায় স্থানীয় মিনিম্যাক্স কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন৷ এ সময় কারখানা ফটকের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন তাঁরা৷ পরে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ শ্রমিকেরা বিক্ষোভ করতে পারেন—এমন খবর পেয়ে কর্তৃপক্ষ আগের দিন রাতেই কারখানা বন্ধ করে দেয়৷
গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার এস এ খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷