দুটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার তেলিপাড়া এলাকার দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল রোববার বিক্ষোভ করেছেন। ভোগড়া এলাকার একটি কারখানায় মেশিনের নিচে চাপা পড়ে গত শনিবার এক শ্রমিকের মৃত্যু হয়। গতকাল উত্তেজনা দেখা দিলে কারখানা ছুটি ঘোষণা করা হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন জানান, বেলা ১১টার দিকে তেলিপাড়া এলাকার এস কিউ ক্রিস্টাল অ্যাপারেলস কারখানার কয়েকজন শ্রমিক পাশের স্মাগ নিটওয়্যার কারখানায় চাকরির দাবিতে লাঠি মিছিল ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
ভবনে ফাটল দেখা দেওয়ায় গত সপ্তাহে এস কিউ ক্রিস্টাল কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
তেলিপাড়ার ইভা সোয়েটার কারখানার শ্রমিকেরা মজুরি হার বাড়ানো নিয়ে গতকাল কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণ করে।
ভোগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, ভোগড়া এলাকায় সিডনি সোয়েটার কারখানায় মেশিনে চাপা পড়ে শনিবার এক শ্রমিক মারা যান। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। কর্তৃপক্ষ ক্ষতিপূরণ ও তাঁর লাশ গ্রামের বাড়িতে পাঠানোর খরচ দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন।