দুটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
দৈনিক হাজিরা ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কাশিমপুরের পানিশাইল এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবার কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। একই দিন অর্জিত ছুটির টাকা পরিশোধ এবং শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে চান্দনা চৌরাস্তা এলাকার অপর একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, পানিশাইল এলাকার মাছিহাতা সোয়েটার লিমিটেড নামের পোশাক কারখানা কর্তৃপক্ষ গত সোমবার শ্রমিকদের জুলাই মাসের বেতন-ভাতা পরিশোধ করে। ওই দিন শ্রমিকেরা সোয়েটারের উৎপাদন দর ও হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানান। বিষয়টির মীমাংসা না হওয়ায় গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা আগামী সাত দিনের মধ্যে তাঁদের উৎপাদন মজুরি বৃদ্ধি, দৈনিক হাজিরা বোনাস বৃদ্ধি, অতিরিক্ত কাজ ও রাত্রিকালীন কাজের বিল নগদ দেওয়ার দাবি জানান। বেলা ১১টার দিকে শ্রমিকেরা কারখানার পাশের কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ওই সড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন জানান, কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, বার্ষিক অর্জিত ছুটির টাকা প্রদান ও শ্রমিক ছাঁটাই না করার দাবিতে চান্দনা চৌরাস্তা এলাকার টিডিএস সোয়েটার কারখানার শ্রমিকেরা বেলা দুইটার দিকে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানা কর্তৃপক্ষ ২০ অক্টোবর অর্জিত ছুটির টাকা পরিশোধ ও শ্রমিক ছাঁটাই না করার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন।
পলিথিন কারখানায় হামলা: কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়াচালা গ্রামে গত সোমবার রাতে পূর্বশত্রুতার জের ধরে কেয়া এন্টারপ্রাইজ নামের একটি পলিথিন তৈরির কারখানায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর করে। কারখানার আলমারিতে রাখা সাড়ে চার লাখ টাকাও লুট করা হয়। এ ছাড়া সন্ত্রাসীদের হামলায় তিনজন আহত হন। স্থানীয় লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা চলে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়।
কারখানার মালিক কামাল উদ্দিন বলেন, শ্রমিকদের বেতনের সাড়ে চার লাখ টাকা ছাড়াও সন্ত্রাসীরা তিন থেকে চার লাখ টাকার কাঁচামাল নষ্ট করেছে। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় মামলা করেছি।