দুটি পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবি ও সাপ্তাহিক ছুটি বাতিল করার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি ও হাজীর পুকুর এলাকায় পোশাক তৈরির দুটি কারখানার শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ করেছেন।শিল্পাঞ্চল পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কোনাবাড়ি এলাকায় গোল্ডেন ফ্যাশন ওয়্যার লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকদের শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কারখানা ছুটির আগে শ্রমিকদের ঘোষণা দেওয়া হয়, সামনে ঈদ থাকায় শুক্রবারও কাজ করতে হবে। ওই ঘোষণা শুনে কারখানার প্রায় শতাধিক শ্রমিক উত্তেজিত হয়ে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ কারখানায় এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে শ্রমিকেরা বাড়ি ফিরে যান।কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম জানান, ঈদের আগে দুটি সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিকদের কাজ করতে বললে তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে তাঁদের সাপ্তাহিক ছুটি ঈদের ছুটির সঙ্গে বাড়িয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিলে তাঁরা শান্ত হন।অন্যদিকে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সেলিম খান জানান, সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার দাবিতে সদর উপজেলার হাজীর পুকুর এলাকার সাজুকিন পোশাক কারখানার শ্রমিকেরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ শুরু করেন। কয়েকবার তারিখ পরিবর্তন করে ২০ অক্টোবর নির্ধারিত তারিখেও সবার বেতন দিতে না পারায় শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সন্ধ্যা সাতটার দিকে তাঁরা দুই দফা কারখানার পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও কর্তৃপক্ষ ২৪ অক্টোবর তাঁদের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা আন্দোলন ত্যাগ করেন।