দুটি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সদর ও গোপালদী পৌরসভা নির্বাচনের তফসিল গতকাল সোমবার ঘোষণা করা হয়েছে। দুটি পৌরসভায় ৬ জুলাই ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিকুজ্জামান।

২০১১ সালে ওই দুটি পৌরসভা গঠনের পর এবার প্রথম নির্বাচন হবে। তফসিল ঘোষণা করায় স্থানীয় ব্যক্তিদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

আড়াইহাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ সাংবাদিকদের জানান, দুটি পৌরসভার নির্বাচনে ৬ জুন থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ জুন। যাচাই-বাছাই ১০ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ জুন।

নির্বাচন কর্মকর্তা মো. তারিকুজ্জামান জানান, দুটি পৌরসভার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরপর গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ইতিমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

২০১১ সালের ৩ আগস্ট আড়াইহাজার উপজেলার সদর ইউনিয়নের ৩১ গ্রামকে অন্তর্ভুক্ত করা হয়েছে নবগঠিত আড়াইহাজার সদর পৌরসভায়। এ পৌরসভার ভোটার সংখ্যা প্রায় ১৬ হাজার। অপরদিকে গোপালদী পৌরসভায় অন্তর্ভুক্ত ২৭ গ্রামের ভোটার সংখ্যা প্রায় ২৪ হাজার।