ইস্টার্ন হাউজিং লিমিটেডের দুটি প্রকল্প শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্প দুটি হচ্ছে বনশ্রী নিউ টাউন ও পল্লবী দ্বিতীয় পর্ব গোড়ান চটবাড়ি আবাসিক প্রকল্পের সংশোধিত ও সম্প্রসারিত এলাকা।এই দুটি প্রকল্পের ক্ষেত্রে শর্ত সঠিকভাবে পালন করা হচ্ছে কি না, তা পর্যালোচনা করে তিন মাস পর পরবর্তী সভায় অবহিত করার জন্য ইস্টার্ন হাউজিংকে বলা হয়েছে।এদিকে শর্ত পূরণ না করায় চারটি প্রকল্প অনুমোদনের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে, ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের বসুন্ধরা আবাসিক প্রকল্প (প্রথম পর্ব), বিডিডিএলের নতুন ধারা আবাসিক প্রকল্প (প্রথম পর্ব), স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের স্বর্ণালী আবাসিক প্রকল্প (প্রথম পর্ব) এবং আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের গ্রিন মডেল টাউন আবাসিক প্রকল্প। এসব প্রকল্পকে যেসব শর্ত দেওয়া হয়েছে, তা পূরণ করে দুই সপ্তাহের মধ্যে রাজউকের কাছে জমা দিতে বলা হয়েছে।অনুমোদন পাওয়া প্রকল্পগুলোকে যেসব শর্ত দেওয়া হয়েছে তা হলো: প্রকল্পভুক্ত এলাকার অবশিষ্ট প্রায় ১৫ শতাংশ ব্যক্তিমালিকানাধীন জমি ক্রয় অথবা বিধিমালা অনুযায়ী অধিগ্রহণের জন্য কোম্পানিকে আবেদন করতে হবে। বেগুনবাড়ি খাল পূর্বদিকে চলমান থাকবে, খাল ভরাট করা যাবে না এবং ভবিষ্যতে দখল রোধে খাল বরাবর হাঁটার রাস্তা নির্মাণ করতে হবে। গতকাল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি উন্নয়ন কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের সভাপতিত্বে সভায় গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন, ভূমিসচিব আতাহারুল ইসলাম, রাজউকের চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।