দুটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলার একাধিক ইউনিয়ন পরিষদ ভবন ও সুনামগঞ্জের একটি সড়ক নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।২১ অক্টোবর ‘বিশ্বব্যাংককে ফাঁকি দিয়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এর আগে গত বছরের ১৫ জুন আরেকটি জাতীয় দৈনিকে ‘এলজিইডিতে পুকুরচুরি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী গতকাল রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আশেক মোমেন।এ ছাড়া রুলে ওই দুই প্রকল্পে আর্থিক দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পরিকল্পনাসচিব, অর্থসচিব, এলজিআরডি সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, এলজিইডির বর্তমান প্রধান প্রকৌশলীসহ সাত বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।