দুটি প্রাইভেট কার উদ্ধার, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সুবর্ণচর উপজেলা থেকে গত শুক্রবার রাতে চোরাই সন্দেহে দুটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন: নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার হেদায়েত উল্লা, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম, কুমিল্লার মনোহরগঞ্জের মো. সাগর, সদরের রবিউল হোসেন এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মো. মহিউদ্দিন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত একটার দিকে উপজেলার চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি প্রাইভেট কার পড়ে থাকতে দেখে টহল পুলিশের সন্দেহ হয়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর গাড়ির মালিক না আসায় এবং স্থানীয় ব্যক্তিদের কেউ এ সম্পর্কে কোনো তথ্য দিতে না পারায় পুলিশ গাড়িটি থানায় নিয়ে যায়। রাত দেড়টার দিকে চরওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজারের কাছে অপর একটি প্রাইভেট কার আসতে দেখে পুলিশ থামায়। গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের কথাবার্তায় পুলিশের সন্দেহ হয়। পরে গাড়ির চালকসহ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।