দুটি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবনধসের ঝুঁকির মধ্যে পাঠদান চলছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন।ঝুঁকিপূর্ণ বিদ্যালয় দুটি হলো উপজেলা সদরের বিলাইছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদালয় ও কেংড়াছড়ি ইউনিয়নের হিজাছড়ি ঢেবাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিলাইছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের ওপরতলার তিনটি কক্ষে ফাটল দেখা দিয়েছে। শিক্ষক ও অভিভাবকেরা জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০০৭-২০০৮ সালে ভবনটির নিচতলা নির্মাণ করা হয়। পরের বছর পিডিপি-২ প্রকল্পের আওতায় ভবনের ওপরতলা নির্মাণ করা হয়। নির্মাণের এক বছরের মধ্যে ভবনের ওপরতলার তিনটি কক্ষের দেওয়ালে ফাটল দেখা দেয়। এক বছরের বেশি সময় ধরে ফাটলের মধ্যে পাঠদান চলছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরণ চক্রবর্তী বলেন, বিদ্যালয়ের কক্ষের সংকুলান না হওয়ায় আতঙ্কের মধ্যে শিক্ষার্থীদের পাঠদান করতে হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চন্দ্রলাল চাকমা বলেন, ফাটলের কারণে সব অভিভাবক উদ্বিগ্ন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ইতিমধ্যে বিষয়টি অবহিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। অপরদিকে হিজাছড়ি দেবাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেমিপাকা ভবনের সব কক্ষের দেওয়াল ও মেঝেতে ফাটল দেখা দিয়েছে। তার পরও সেখানে পাঠদান করতে হচ্ছে। অভিভাবক রঞ্জিত চাকমা বলেন, ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠানোর পর আর কোনো কাজে মন বসাতে পারি না। বিদ্যালয়ের সহকারী শিক্ষক হলধর তঞ্চঙ্গ্যা জানান, মাঝেমধ্যে দেওয়াল থেকে আস্তর খসে শিক্ষার্থীদের মাথায় পড়ে। কিন্তু একটিও ভালো শ্রেণীকক্ষ না থাকায় ভাঙা ভবনেই পাঠদান করতে হয়। প্রধান শিক্ষক প্রীতিময় চাকমা বলেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় পাঠদান উচিত নয়। কিন্তু উপায় না থাকায় অনুচিত কাজটি করতে হচ্ছে। কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমরজীব চাকমা বলেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় যেন পাঠদান করা না হয় সে ব্যাপারে শিক্ষকদের জানিয়ে দেওয়া হয়েছে। বিলাইছড়ি ইউএনও নূরুল ইসলাম বিদ্যালয় দুটিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাঠদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দুই বিদ্যালয় পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে উপজেলা প্রকৌশলীকে তাগিদ দেওয়া হয়েছে।