সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের শালিকার ও নিতাইখালী ফসল রক্ষা বাঁধে গত তিন দিনের বৃষ্টিতে ফাটল দেখা দিয়েছে। এতে হাওরের ২৫ হাজার হেক্টর জমির বোরো ধান নিয়ে কৃষকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
হাওরপারের কৃষকেরা জানান, টানা বৃষ্টিতে শালিকার বেড়িবাঁধের মাটি দেবে গিয়ে ফাটল ধরেছে। এতে বাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ২০১০ সালে ঢলের পানিতে ওই বাঁধ ভেঙে হাওরের জমিতে লাগানো বোরো ধান তলিয়ে গিয়েছিল। নিতাইখালী বেড়িবাঁধেও বৃষ্টিতে ফাটল দেখা দেওয়ায় সেটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হুমায়ূন কবীর শালিকার বাঁধ পরিদর্শন করেন। তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের দ্রুত বাঁধ মেরামতের নির্দেশ দিয়েছেন। বাঁধটি আগে থেকেই নড়বড়ে অবস্থায় রয়েছে। অন্যদিকে হাওরের ভেতর বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।
শালিকার বাঁধের পাশের ভুরাখালী গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান বলেন, বৃষ্টিতে বাঁধের নিচের দিক থেকে মাটি সরে গেছে। দ্রুত সংস্কার না করলে ঢলের পানির প্রথম ধাক্কাতেই এ বাঁধ ভেঙে যাবে।
বেতাউকা গ্রামের কৃষক জুয়েল মিয়া বলেন, নিতাইখালী বাঁধেও ফাটল দেখা দিয়েছে। বিষয়টি তিনি পাউবোর কর্মকর্তাদের জানিয়েছেন।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরশ আলী বলেন, ‘আমরা সতর্ক আছি। যেসব বাঁধের কাজে ত্রুটি রয়েছে, সেগুলো সংস্কার করা হবে। প্রকল্প বাস্তবায়ন কমিটির লোকজনকে বলা আছে বাঁধের বিষয়ে সতর্ক থাকতে।’
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, ‘সমস্যা এখন দুটো। একটি ঝুঁকিপূর্ণ বাঁধ, অন্যটি জলাবদ্ধতা। বাঁধ মেরামতের পাশাপাশি হাওরের ভেতরের পানিনিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। না হলে কৃষকেরা হাওরের ধান গোলায় তুলতে
পারবে না।’
সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন বলেন, ‘বৃষ্টির কারণে হাওরের কোনো কোনো বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেগুলো সঙ্গে সঙ্গেই মেরামতের উদ্যোগ নিয়েছি। জগন্নাথপুরে বাঁধের মেরামতকাজ শুরু হয়েছে। কৃষকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।’