পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকায় পায়রা নদী পারাপারের জন্য তিনটি ফেরির মধ্যে দুটিই বিকল হয়ে পড়েছে। জোড়াতালি দিয়ে একটি ফেরি সচল রাখা হয়েছে। ভাটার সময় নদীতে প্রবল স্রোতের কারণে ওই ফেরিটিও প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা বন্ধ রাখা হচ্ছে। এ কারণে ফেরিঘাটের দুই পাড়ে অসংখ্য যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হচ্ছে।
জরুরি ভিত্তিতে নতুন ফেরির ব্যবস্থা না করলে যেকোনো সময়ে পর্যটনকেন্দ্র কুয়াকাটা ও পটুয়াখালীর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।
খোঁজ নিয়ে জানা যায়, লেবুখালী ফেরিঘাটের দুটি ফেরি গত বৃহস্পতিবার বিকল হয়ে যায়। ভাটার সময় নদীর দক্ষিণ পাড়ে প্রবল স্রোতের কারণে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে আরেকটি ফেরিও বন্ধ করে দেওয়া হয়। স্রোত কমে গেলে রাত একটার দিকে ফেরিটি দিয়ে যানবাহন পারাপার শুরু হয়। গতকাল শুক্রবার সকালেও দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এ অবস্থায় নদীর দুই পাড়ে যানজট দেখা দেয়।
লেবুখালী ফেরিঘাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, জেলার গুরুত্বপূর্ণ এ ঘাটটি সব সময়ই ব্যস্ত থাকে। ভাটার সময় প্রবল স্রোতের কারণে যানবাহন নিয়ে ঘাটে ভিড়তে পারছিল না একমাত্র সচল ফেরিটি। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নদীতে প্রবল স্রোতের সময় ফেরিটি বন্ধ রাখতে হচ্ছে। সেই সঙ্গে বিকল ফেরি দুটি সচল করার চেষ্টা চলছে।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের পটুয়াখালী ফেরি বিভাগের কার্যালয় জানায়, লেবুখালীতে চলাচলরত প্রতিটি ফেরির স্থায়িত্ব ১০ বছর হলেও ফেরিগুলো ৩০ থেকে ৪০ বছর ধরে চলাচল করছে। ফেরিগুলো এত পুরোনো হয়েছে যে বেশ কয়েকটি ফেরির তলদেশে ফাটলসহ অসংখ্য ছিদ্র হয়েছে।
ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল ফজল মালিক বলেন, ফেরিগুলো জরাজীর্ণ ও চলাচলে প্রায় অনুপযোগী। লবণাক্ততার কারণে ফেরিগুলোর বেশি ক্ষতি হচ্ছে। নানা প্রতিকূলতার মধ্যে মেরামত করে ফেরিগুলো সচল রাখতে হচ্ছে।
জেলা সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, নতুন ফেরি ও ক্রেনের জন্য সওজের প্রধান প্রকৌশলী বরাবর আবেদন করেছি।