দুটি ফেরি বিকল, মানুষের দুর্ভোগ
দুটি ফেরি বিকল হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে চার শতাধিক যানবাহন আটকা পড়েছে৷ গতকাল বৃহস্পতিবার যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়৷
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই পথে যানবাহন পারাপার স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক ১০টি রো রো (বড়) ফেরি ছিল৷ যান্ত্রিক ত্রুটির কারণে গত ১১ মে শাহ আলী এবং ১৩ এপ্রিল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের দুটি রো রো ফেরিকে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়৷
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় রো রো ফেরি শাহ জালালকে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে নেওয়া হয়৷ এর কিছুক্ষণ পর শাহ মখদুম ফেরিটিতেও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়৷ পরে সেটিকেও ওই কারখানায় নেওয়া হয়৷ তবে ত্রুটি মেরামত করার পর দুই ঘণ্টা পর ফেরি দুটি পুনরায় চলাচল শুরু করে বলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দাবি করেছে৷
এর আগে বুধবার সন্ধ্যা থেকে যান্ত্রিক ত্রুটির কারণে মধুমতিতে নেওয়া হয় কে-টাইপ ফেরি কুমারীকে৷ ওই ফেরিটি চলাচল শুরু করেনি৷ ২৫ মে নারায়ণগঞ্জ থেকে নতুন ইউটিলিটি ফেরি হাসনা হেনাকে আনা হয়৷ কিন্তু পাখায় সমস্যা দেখা দেওয়ায় ওই দিন থেকেই ফেরিটির চলাচল বন্ধ রয়েছে৷
গতকাল বিকেলে সরেজমিনে দেখা গেছে, দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের দুই কিলোমিটার দীর্ঘ সারি তৈরি হয়েছে৷ বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, দুটি রো রো ফেরি সাময়িকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে মধুমতিতে আনা হয়৷ দ্রুত মেরামত শেষ করে ফেরি দুটিকে পুনরায় নৌপথে নামানো হয়৷ বর্তমানে সাতটি রো রো একটি কে-টাইপ এবং দুটি ইউটিলিটি ফেরি চলাচল করছে৷ ফেরি-স্বল্পতার কারণে যানবাহন আটকা পড়েছে৷