দুটি ফেরির একটি তিন দিন ডুবোচরে
বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা-লক্ষ্মীপুর নৌপথের দুটি ফেরির একটি তিন দিন ধরে মেঘনা নদীর মাঝে রহমতপুর চ্যানেলের ডুবোচরে আটকে আছে। এ কারণে এই নৌপথের উভয় পাড়ে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও ২১ জেলার মালবাহী গাড়িগুলো।জানা গেছে, গত বৃহস্পতিবার ‘কিষাণী’ ফেরিটি ডুবোচরে আটকা পড়ে। চরের সঙ্গে ধাক্কা লেগে ফেরির বেশ কিছু যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। এদিকে এই নৌপথে বর্তমানে ৫০ বছরের পুরোনো ‘কামেনী’ নামের একটি ফেরি চলাচল করছে। এ কারণে পারাপারের অপেক্ষায় দুই পাড়ে আটকে আছে অসংখ্য যানবাহন ও যাত্রী। ভোলার ইলিশা ফেরিঘাটে দায়িত্বরত বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, ‘চরের সঙ্গে ধাক্কায় কিষাণী ফেরির রাডার, প্রপেলার, পাখাসহ একাধিক যন্ত্র ভেঙে বিকল হয়ে গেছে। এসব যন্ত্র মেরামত করে ফেরিটি ডুবোচর থেকে উদ্ধার করতে কত দিন সময় লাগবে, তা এখনো বলা যাচ্ছে না।’শিহাব উদ্দিন আরও বলেন, এই নৌপথে মাত্র দুটি ফেরি চলছে। এগুলোর ধারণক্ষমতাও খুবই কম। তাই দুই পাড়ে এমনিতেই অসংখ্য যানবাহন আটকে থাকে। কিষাণী ফেরিটি বিকল হওয়ায় এখন ঘাটে যে গাড়ির জট লেগে আছে, তা কমতেও বেশ কয়েক দিন লাগবে। এ অবস্থায় জরুরিভাবে একটি বাড়তি ফেরি দরকার।