দুটি ফ্ল্যাট, একটি বাড়ি ও ১০০ ভরি সোনার মালিক রওশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রওশন এরশাদ
রওশন এরশাদ

জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদের বার্ষিক আয় প্রায় দুই কোটি টাকা। এই অর্থ তিনি বাড়ি ভাড়া, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত ও অন্যান্য খাত থেকে পান। নিজের নামে রয়েছে দুটি ফ্ল্যাট ও একটি বাড়ি। আছে ১০০ ভরি সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতু ও পাথর দিয়ে তৈরি অলংকারাদি। এবারের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। ময়মনসিংহ-৪ আসন থেকে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। দলের চেয়ারম্যান ও তাঁর স্বামী এইচ এম এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও তিনি সেই আহ্বানে সাড়া দেননি। এরশাদ ছাড়াই নির্বাচনে গিয়ে তিনি ইতিমধ্যে আলোচিত হয়েছেন। হলফনামায় রওশন এরশাদের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বাড়ি বা অ্যাপার্টমেন্ট বা দোকান ভাড়া বাবদ বার্ষিক আয় চার লাখ পাঁচ হাজার ৩৫১ টাকা, শেয়ার, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত এক কোটি ৯৪ লাখ ৫২ হাজার ৮৩ টাকা এবং অন্যান্য খাতে আয় ১০ লাখ ৪৯ হাজার ৫০ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে রওশনের নগদ টাকা পাঁচ লাখ ২৫ হাজার ৭৮২। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থের পরিমাণ ২৬ কোটি ৩৯ লাখ ২৩ হাজার ৭৫০ টাকা, স্থায়ী আমানতে বিনিয়োগ ৫০ লাখ টাকা। তাঁর গাড়ি আছে তিনটি। ইলেকট্রনিক সামগ্রী পাঁচ লাখ ও আসবাবের মূল্য চার লাখ টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে কৃষিজমির পরিমাণ ১ দশমিক ৩১৭৫ একর। যার মূল্য ৩৩ লাখ টাকা (অর্জনকালীন সময়)। তাঁর দুটি ফ্ল্যাট ও একটি বাড়ি আছে, যার মূল্য ছয় কোটি ৮০ লাখ টাকা (অর্জনকালীন)।