দুটি বসতবাড়িতে ডাকাতি, ১৪ লাখ টাকার মাল লুট
ঝিনাইদহ পৌর এলাকায় ও মাদারীপুরের কালকিনি উপজেলায় গত সোমবার রাতে দুটি বসতবাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই দুই বাড়ি থেকে নগদ অর্থসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ঝিনাইদহ পৌর এলাকার গোবিন্দপুরের বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, রাত আটটার দিকে ছয়-সাতজনের একটি ডাকাত দল তাঁর বাসায় ঢোকে। ডাকাতেরা তাঁর স্ত্রীকে কুপিয়ে আহত করে স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় জাহিদুল বাসায় ছিলেন না। তাঁর স্ত্রী নার্গিস বেগমকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ওই দিন রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির সময় নার্গিস বাড়িতে একা ছিলেন। তিনি অসুস্থ থাকায় ঘটনার বিস্তারিত জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ১২-১৩ জনের একদল ডাকাত মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চরআইরকান্দি (বাঁশতলা) গ্রামের আবদুল হামেদ সরদারের ছেলে সৌদিপ্রবাসী নাসির সরদারের বাড়িতে ঢুকে পরিবারের সবার হাত-পা বেঁধে ফেলে। এরপর ডাকাতেরা দুই লাখ টাকা, ১৭ ভরি স্বর্ণালংকার, মুঠোফোন সেটসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতেরা নাসির সরদারকে কুপিয়ে জখম করে। তাঁকে গৌরনদীর আশুকাঠি হাসপাতালে ভর্তি করা হয়েছে।