দুটি বাজার থেকে পাঁচ মেট্রিক টন পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাস্থল কারওয়ান বাজারের মুরগির আড়তের পাশের বাজার। দোকানের নাম মাহিন প্যাকেজিং স্টোর। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা গোপনে খবর পেয়েছিলেন, এই দোকানে নিয়মিত পলিথিন বিক্রি হয়। কিন্তু ঘটনাস্থলে গতকাল শনিবার এসে তন্ন তন্ন করে খুঁজেও কোনো পলিথিনের সন্ধান মেলেনি। তবে তাঁদের একেবারে নিরাশ হতে হয়নি। শেষমেশ দোকানের নিচে এক গোপন কুঠুরি পাওয়া যায়। ওই কুঠুরির তালা ভেঙে একজন ভেতরে ঢুকে দেখতে পান সেখানে পলিথিন ব্যাগের বিশাল ভান্ডার। ভ্রাম্যমাণ আদালত ওই পলিথিন জব্দ করেন। তবে দোকানদার আগেভাগেই পালিয়ে যান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল পরিবেশ অধিদপ্তরের পলিথিনবিরোধী এ অভিযানে কারওয়ান বাজার ও মোহাম্মদপুর টাউন হল বাজারের ১০টি দোকান থেকে অন্তত পাঁচ মেট্রিক টন পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধঘোষিত এসব পলিথিন রাখার দায়ে জরিমানা করা হয় প্রায় এক লাখ টাকা। কারওয়ান বাজারের আটটি দোকান থেকে ৭৫ হাজার ও মোহাম্মপুর টাউন হল বাজারের দুটি দোকান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কারওয়ান বাজারের আল্লাহর দান স্টোরকে ১০ হাজার টাকা, বিছমিল্লাহ স্টোরকে ১০ হাজার, শাহজালাল স্টোরকে ২০ হাজার, রাজ্জাক অ্যান্ড সানি স্টোর প্যাকেজিংসহ মোট ১০টি দোকানকে জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এর আগে একাধিকবার পলিথিন ব্যাগ পাওয়া গেছে ও জরিমানা করা হয়েছে এমন তিনটি দোকানেও পলিথিনের মজুদ পাওয়া যায়। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই অভিযানে বেলা সাড়ে ১১টায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ যোগ দেন। তিনি জানান, এই অভিযান নিয়মিত চলবে। উৎপাদন বন্ধে পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংসদের আগামী অধিবেশনে পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ অনুমোদনের জন্য উত্থাপন করা হবে উল্লেখ করে তিনি বলেন, নতুন আইনে পলিথিন উৎপাদন ও বিক্রির জরিমানার পরিমাণ আরও বাড়ানো হচ্ছে।পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার হোসেন, ঢাকা বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস ও ঢাকার জেলা প্রশাসন কার্যালয়ের হাকিম সেলিম হোসেন এবং পরিবেশ অধিদপ্তরের আইন বিভাগের পরিচালক বেল্লাল হোসেন এ অভিযানে উপস্থিত ছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১০ জন সদস্য এ অভিযানে সহায়তা করেন।পলিথিন রাখার দায়ে জরিমানা হওয়া দোকান বিছমিল্লাহ স্টোরের দোকানদার মাসুদ রানা প্রথম আলোকে জানান, তাঁরা চকবাজার থেকে পলিথিনগুলো এনেছেন। চকবাজারে প্রকাশ্যে পলিথিন বিক্রি হয়। পলিথিনের বেশির ভাগ কারখানা পুরান ঢাকার লালবাগে উল্লেখ করে দোকানিরা জানান, ওই কারখানাগুলোয় নিয়মিত পলিথিন উৎপাদিত হচ্ছে।হাছান মাহমুদ জানান, ২০০২ সাল থেকে চলতি বছর পর্যন্ত মোট ২১২ বার পলিথিনবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে গত এক বছরে ১০০ বার অভিযান চালিয়ে ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ২০টি পলিথিন কারখানা সিলগালা করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, কারখানার মালিকেরা যত প্রভাবশালী হোন না কেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সুকুমার বিশ্বাস জানান, চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত প্রতিদিন পলিথিনবিরোধী অভিযান চলবে। আজ রোববার থেকে কারখানাগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হবে বলে জানান তিনি।