দুটি বাল্যবিবাহ পণ্ড, দুজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে গত শুক্রবার সন্ধ্যায় বাল্যবিবাহ থেকে দুই স্কুলছাত্রী রক্ষা পেয়েছে। এর মধ্যে একটি ঘটনায় দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে এক তরুণের (২৮) বিয়ের আয়োজন চলছিল। ওই ছাত্রীর এক বান্ধবীর ফোন পেয়ে ইউএনও মফিজুল ইসলাম ছাত্রীটির বাড়িতে যান। তিনি ছেলে ও মেয়েপক্ষকে বুঝিয়ে বললে তারা বিয়ের আয়োজন বন্ধ করে দেয়। এ কারণে কাউকে দণ্ড দেওয়া হয়নি।
সন্ধ্যা সাতটার দিকে এক তরুণের সঙ্গে (২৪) অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ইউএনও ওই ছাত্রীর বাড়িতে যান। সেখানে বুঝিয়ে বললেও ছেলে ও মেয়েপক্ষ বিয়ে বন্ধ করতে গড়িমসি করে। পরে মেয়েটির বাবা এবং ওই তরুণকে উপজেলা পরিষদে আনা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক মাস করে কারাদণ্ড দেন।