দুটি বাস ও ভটভটির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের মনোহরপুরে গতকাল দুটি বাস ও ভটভটির ত্রিমুখী সংঘর্ষে হতাহতদের উদ্ধার করে পুলিশ ও এলাকাবাসী l প্রথম আলো
চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের মনোহরপুরে গতকাল দুটি বাস ও ভটভটির ত্রিমুখী সংঘর্ষে হতাহতদের উদ্ধার করে পুলিশ ও এলাকাবাসী l প্রথম আলো

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর এলাকায় গতকাল শনিবার যাত্রীবাহী দুটি বাস ও ভটভটির সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫ জন যাত্রী। দুর্ঘটনার পর এলাকার লোকজন সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
নিহত দুজন হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী গ্রামের সাইদুল ইসলাম (২৭) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের স্বপন আলী (২৮)। সাইদুল দুর্ঘটনাকবলিত ভটভটির চালক এবং স্বপন পূর্বাশা পরিবহন নামের একটি বাসের সহকারী ছিলেন।
আহত ব্যক্তিরা হলেন আনিসুর রহমান, সেলিম উদ্দিন, শাখাওয়াত হোসেন, আনোয়ারুল হক, নাজমুল হক, আবদুল কুদ্দুস, জোছনা খাতুন, শ্যামলী খাতুন, আবদুস সাত্তার, শাপলা খাতুন, রেবেকা খাতুন, খোকন আলী, আবুল কাসেম, জাহানারা খাতুন ও আসাদুল হক। তাঁদের মধ্যে চারজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও তিনজনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদ বিন হেদায়েত বলেন, আহত ব্যক্তিরা আশঙ্কামুক্ত রয়েছেন।
পুলিশ, যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে যশোর-চুয়াডাঙ্গা মহাসড়কের মনোহরপুর বাঁকে ঢাকা থেকে জীবননগরের দর্শনাগামী পূর্বাশা পরিবহন ও চুয়াডাঙ্গা থেকে জীবননগরগামী শাপলা পরিবহনের মধ্যে সংঘর্ষ ঘটে। সেখানে বাস দুটির মাঝে পড়ে ভটভটিটিও দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাইদুলের মৃত্যু হয়। জীবননগর ও দামুড়হুদা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে স্বপন মারা যান। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের হস্তক্ষেপে বেলা সাড়ে ১১টার দিকে যানবাহন চলাচল শুরু করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন পূর্বাশা পরিবহনের আহত যাত্রী আনিসুর রহমান বলেন, বৃষ্টির কারণে রাস্তা খুবই পিচ্ছিল ছিল। এমন রাস্তায় দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটে।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোহাম্মদ বলেন, লাশ দুটির ময়নাতদন্তের প্রক্রিয়াসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।