দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় যানের চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ রোববার দুপুরে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জেলাইন বাসের চালক আসাদুজ্জামান (৪২), লোকাল বাসটির চালক জাকির হোসেন (৩৭) ও বাস যাত্রী আবদুর রহিম (৬০) ও আজগর আলী (৬০)।
পুলিশ জানায়, পৌনে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী জেলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিকেলে দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজগর আলী নামের আরেকজন যাত্রীর মৃত্যু হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্লাহ এই দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।