দুটি বাসের সংঘর্ষ চালকসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় গতকাল শুক্রবার যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি বাসের সুপারভাইজার ও অপর বাসের চালক নিহত ও অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমএম পরিবহনের একটি বাসের সঙ্গে খানখানাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা খোন্দকার-৬ নামের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এমএম পরিবহনের সুপারভাইজার মোহন শেখ (৪৩) মারা যান ও দুই বাসের ৫০ যাত্রী আহত হন। মোহন শেখের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার কল্যাণপুর মালদি গ্রামে।আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজবাড়ী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর খোন্দকার পরিবহন-৬-এর চালক খলিল মোল্যা (৩৫) মারা যান। তাঁর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে। দুর্ঘটনাকবলিত বাস দুটি পড়ে থাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে যান চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ থাকে। গোয়ালন্দঘাট থানার ওসি আবুল বাসার জানান, বাস দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।