দুটি বিজিবি ক্যাম্প রক্ষার চেষ্টা, হুমকিতে দুটি গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পদ্মা নদীর তীব্র ভাঙন থেকে ভারতীয় সীমান্তের চরখিদিরপুর ও চরখানপুর বিজিবি ক্যাম্প দুটি রক্ষার জন্য রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। তবে দুটি গ্রাম হুমকির মধ্যে রয়েছে। অনিশ্চয়তার মধ্যে আছে গ্রাম দুটির ১০ হাজার মানুষ। রাজশাহী শহরের দক্ষিণে পদ্মা নদীর ওপারে পবা উপজেলার চর তারানগর, খানপুর ও চরখিদিরপুর নামে তিনটি গ্রাম ছিল। আয়তন ছিল প্রায় ২৮ বর্গকিলোমিটার। ইতিমধ্যে তারা নগর বিলীন হয়ে গেছে। ১৬৪ ও ১৬৫ নম্বর সীমান্ত পিলার ভেঙে নদী ভারতীয় সীমানায় ঢুকে পড়েছে।

খানপুর গ্রামের অর্ধেক নদীতে নেমে গেছে। এখন মাত্র সোয়া পাঁচ বর্গকিলোমিটার অবশিষ্ট রয়েছে। দুই গ্রামের দুই প্রান্তে খানপুর ও খিদিরপুর দুটি বিজিবি ক্যাম্প ভাঙনের হুমকির মুখে পড়েছে। গতকাল মঙ্গলবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, খানপুর ক্যাম্প থেকে মাত্র ৩৬ মিটার দূরে রয়েছে পদ্মা। খিদিরপুর ক্যাম্প থেকে দূরত্ব ৪০ মিটার। ১৬৩ (১) নম্বর সীমান্ত পিলার থেকে সামান্য দূরে রয়েছে পদ্মা।

পাউবো গত ২৫ জুলাই থেকে খানপুর বিজিবি ক্যাম্প এবং ২৬ জুলাই থেকে খিদিরপুর ক্যাম্প এলাকার ভাঙন ঠেকানোর জন্য তড়িঘড়ি করে জিও টেক্সটাইল ব্যাগ ফেলছে। রাজশাহী শহর থেকে মোটা বালি নৌকায় করে নিয়ে সেখানে ব্যাগে ভরে ফেলা হচ্ছে।

পাউবোর কার্য সহকারী হানিফুল ইসলাম সেখানকার কাজ তদারকি করছেন। তিনি বলেন, ব্যাগ ফেলার পর থেকে ক্যাম্পের সামনের ভাঙন আপাতত বন্ধ রয়েছে। তবে গত রাতে এক পাশের ব্যাগ কিছুটা নিচে নেমে গেছে। সেখানে আবার ফেলা হবে। বিজিবির খানপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার খলিলুর রহমান বলেন, ব্যাগ ফেলার পরে আপাতত ক্যাম্পের সামনের ভাঙন একটু থেমেছে কিন্তু ক্যাম্পের উভয় পাশে ভাঙছে।

খানপুর গ্রামের শ্রমিক মিলন হোসেন (২২) বলেন, ভাঙন শুরু হওয়ার পরে তিনি বাড়ি ভেঙে সরিয়ে নিয়েছেন। তবে যেভাবে নদী ভাঙছে, ঠেকাতে না পারলে বাড়ি এই বছর আবার সরাতে হয়। কিন্তু একবারে সীমান্তের কাছে চলে এলে আর বাড়ি সরানোর জায়গা পাবেন না। এ জন্য শুধু ক্যাম্প নয়, পুরো গ্রামের পাশ দিয়েই বস্তা ফেলতে হবে।

গ্রামের সাবেক ইউপি সদস্য আবু আলম বলেন, সরকারের পদ্মা নদীর ডান তীর সংরক্ষণে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে করে বাংলাদেশ ভূখণ্ড হারাচ্ছে। তিনি বলেন, গতবারের মতো এবারও যদি ভাঙন হয় তাহলে বাংলাদেশের মানচিত্র থেকে রাজশাহীর এই গ্রাম দুটি চিরদিনের জন্য হারিয়ে যাবে।

পাউবো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, দুটি ক্যাম্প বাঁচানোর জন্য ইতিমধ্যে ২৮০ মিটার এলাকায় ৩৫ হাজার জিও টেক্সটাইল ব্যাগ ফেলা হচ্ছে। এ জন্য এক কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হবে। আর খিদিরপুর ক্যাম্পের পাশে ১০৫ মিটার এলাকায় ১৩ হাজার ব্যাগ ফেলার কাজ চলছে। এ জন্য ব্যয় হবে ৬৩ লাখ টাকা। তিনি বলেন, এই অর্থ এখনো পাওয়া যায়নি। স্থানীয়ভাবে ঠিকাদারদের দিয়ে কাজ শুরু করা হয়েছে। এখন এই অর্থবছরের মধ্যে অর্থ বরাদ্দ পাওয়া জরুরি। কারণ, নদীর ওই তীর সংরক্ষণ করতে না পারলে বাংলাদেশ ভূখণ্ড হারাবে।

বিজিবির রাজশাহী সেক্টরের অধিনায়ক কর্নেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন বলেন, এই গ্রাম দুটি ভেঙে গেলে নদী ভারতীয় সীমান্ত রেখা স্পর্শ করবে। তাহলেই আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মা নদীটি যৌথ মালিকানায় চলে যাবে। তবে আশার কথা, ইতিমধ্যে পাউবো ভাঙন এলাকায় জিইও ব্যাগ ফেলে ডাম্পিং করছে। তাতে কাজ হবে।