দুটি বিদ্যালয় চলছে দুজন শিক্ষক দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মাহমুদনগর ও খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটিতে মাত্র একজন করে শিক্ষক দিয়ে শিক্ষা-কার্যক্রম চলে আসছে। ফলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয় ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, মাহমুদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ১৪৯। এ বিদ্যালয়ে চারজন শিক্ষক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র দুজন। এর মধ্যে সহকারী শিক্ষক শিরিন আক্তার গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে সিএনএড প্রশিক্ষণে চলে যাওয়ায় মাস খানেক ধরে প্রধান শিক্ষককে একাই বিদ্যালয়টির কার্যক্রম চালাতে হচ্ছে। আর খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ১০২। এ বিদ্যালয়ে তিনজন শিক্ষক থাকার কথা থাকলেও দীর্ঘদিন দুজন শিক্ষক বিদ্যালয়টিতে শিক্ষা-কার্যক্রম চালিয়ে আসছিলেন। এর মধ্যে প্রধান শিক্ষক আলী নূর খান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত বছর ১৩ ডিসেম্বর অন্যত্র বদলি হন। এর পর থেকে বিদ্যালয়ে সহকারী শিক্ষক সেলিনা আক্তার একাই বিদ্যালয়টির কার্যক্রম চালিয়ে গেলেও তিনিও ওই বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে সিএনএড প্রশিক্ষণে চলে যাওয়ায় বিদ্যালয়টি শিক্ষকশূন্য হয়ে পড়ে। এ অবস্থায় পার্শ্ববর্তী মুক্তারপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষককে ওই বিদ্যালয়ে প্রেষণে পাঠানো হয়। মাস খানেক ধরে তিনি একাই বিদ্যালয়টির কার্যক্রম চালিয়ে আসছেন।মাহমুদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই তালুকদার জানান, ‘আমাকে একাই শিক্ষার্থীদের পাঠদান করাতে হয়। তাই সুষ্ঠুভাবে পাঠদান করা সম্ভব হয় না। দাপ্তরিক কাজে কোথাও গেলে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে যেতে হয়।’খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমানে দায়িত্বরত সহকারী শিক্ষক হাসান মাসুদ বলেন, এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে গিয়ে দৌড়ে দৌড়ে শিক্ষার্থীদের পাঠদান করাতে হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার শিক্ষকসংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, শিগগিরই এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।