দুটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন, একটির ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার দুটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন এবং একটি সরকারি বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও মদনগঞ্জে এই দুটি ভাড়াভিত্তিক কেন্দ্র উদ্বোধন এবং হরিপুরে সরকারি বিদ্যুৎকেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।গতকাল ভাড়াভিত্তিক কেন্দ্র দুটি চালু হওয়ার ফলে বর্তমান সরকারের আমলে পরিকল্পিত ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া মোট ৬৮২ মেগাওয়াট ক্ষমতার আটটি বিদ্যুৎকেন্দ্র চালু হলো। এ উপলক্ষে বিদ্যুৎ উৎপাদনে তাঁর সরকারের দেওয়া অগ্রাধিকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত দুই বছরে জাতীয় গ্রিডে প্রায় এক হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ নতুন যুক্ত হয়েছে।সরকারের সঙ্গে স্থানীয় উদ্যোক্তা দেশ এনার্জির চুক্তি অনুযায়ী সিদ্ধিরগঞ্জের ১০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি গত বছরের অক্টোবরেই চালু হওয়ার কথা ছিল। কিন্তু এর প্রায় সাড়ে সাত মাস পর গত ফেব্রুয়ারির মধ্যভাগে এতে উৎপাদন শুরু হয়; গতকাল হয় আনুষ্ঠানিক উদ্বোধন।সরকারের সঙ্গে সামিট মদনগঞ্জ পাওয়ার কোম্পানির চুক্তি অনুযায়ী, মদনগঞ্জের ১০২ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি চালু হওয়ার কথা ছিল আগামী মাসে। কিন্তু নির্ধারিত সময়ের আগেই এটি চালু হয়েছে। গতকাল থেকেই এতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়েছে। আর হরিপুরে সরকারি উদ্যোগে স্থাপন করা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা ৩৬০ মেগাওয়াট। এই কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, এটি যেন নির্ধারিত সময়ের আগেই উৎপাদন শুরু করতে পারে। তিনি আরও বলেন, বিদ্যুৎকে জরুরি খাত ঘোষণা করে উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কাজ করা হচ্ছে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া, সাংসদ সারাহ বেগম কবরী, নজরুল ইসলাম, সংশ্লিষ্ট কর্মকর্তা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।আগামী কেন্দ্রগুলো: পরিকল্পনা অনুযায়ী আগামী মে মাসের মধ্যে বিদ্যুতের মোট এক হাজার ৩৯৩ মেগাওয়াট ক্ষমতার ১৭টি নতুন কেন্দ্র চালু হওয়ার কথা। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে ১৭০ মেগাওয়াট ক্ষমতার দুটি কেন্দ্র চালু হয়েছে। এর একটি সিদ্ধিরগঞ্জে দেশ এনার্জির ১০০ মেগাওয়াট এবং ব্রাহ্মণবাড়িয়ায় এগ্রিকোর ৭০ মেগাওয়াট। চলতি মার্চ মাসে বিদ্যুতের মোট ২৮৩ মেগাওয়াট ক্ষমতার তিনটি নতুন কেন্দ্র চালু হওয়ার কথা। এই কেন্দ্রগুলো হচ্ছে নোয়াপাড়া (যশোর) ১০৫ মেগাওয়াট, ঘোড়াশাল ৭৮ ও মেঘনাঘাট ১০০ মেগাওয়াট। কিন্তু প্রথম আলোর প্রতিনিধিরা সরেজমিন পরিদর্শন করে ও খোঁজ নিয়ে জেনেছেন, প্রথম দুটি কেন্দ্র মার্চে চালু হওয়ার সম্ভাবনা কম। এপ্রিল থেকে যেসব কেন্দ্র চালু হওয়ার কথা, সেগুলোর মধ্যে অনেক কেন্দ্রের সময় পিছিয়ে যাবে।ঘাটতি পরিস্থিতি: সরকারি হিসাব অনুযায়ী, গত দুই বছরে প্রায় এক হাজার ৪০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলেও এখন পর্যন্ত মোট বিদ্যুৎ উৎপাদন চার হাজার মেগাওয়াটের মধ্যেই রয়েছে। কিন্তু সেচ, গ্রীষ্ম ও বিশ্বকাপ ক্রিকেট মিলে চাহিদা উঠেছে প্রায় সাড়ে পাঁচ হাজার মেগাওয়াটে। গ্রামে প্রতিদিন ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং শুরু হয়েছে। তবে রাত ১১টা থেকে সকাল সাতটা পর্যন্ত সেচের জন্য প্রায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।