দুটি বিষয়ে স্নাতক সম্মান কোর্স চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে দুটি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান এখানে আনুষ্ঠানিকভাবে সম্মান কোর্সে পাঠদান কার্যক্রম উদ্বোধন করেন। চলতি শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা বাংলা ও গণিত এ দুটি বিষয়ে সম্মান পর্যায়ে ভর্তির সুযোগ পাবেন। 

এ উপলক্ষে কলেজ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ রতন কুমার দেব। বক্তব্য দেন সাবেক সাংসদ মো. শোয়েব,  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, উপাধ্যক্ষ ফিরুজ আলম, অধ্যাপক চিত্তরঞ্জন দাস, ফরহাদ হোসেন, আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি হায়দার আলী শাহ প্রমুখ। 

ভূমি প্রতিমন্ত্রী বলেন, আপাতত দুটি বিষয়ে সম্মান কোর্স চালু করা হলো। শিক্ষার মান বজায় রাখতে পারলে ভবিষ্যতে অন্যান্য বিষয়েও সম্মান পর্যায়ে পাঠদান করা হবে। তখন উচ্চ শিক্ষা নিতে এলাকার শিক্ষার্থীদের দূরে যেতে হবে না।