দুটি বেগুনের দাম এক হাজার টাকা!
কুষ্টিয়ার বিভিন্ন বাজারে এক কেজি বেগুনের দাম ১০ থেকে ১৫ টাকা। কিন্তু সদর উপজেলায় দুটি বেগুন বিক্রি হয়েছে এক হাজার টাকায়। ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের বাড়ির আঙিনায় লাগানো গাছে বড় আকারের দুটি বেগুন দেখে এক বেগুনচাষি এক হাজার টাকায় সেগুলো কিনে নেন।সদর উপজেলার পাটিকাবাড়ি ইউপির চেয়ারম্যান সফর উদ্দিন জানান, কয়েক বছর আগে তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তপন কুমার ঘোষের কাছ থেকে বেগুনের বীজ নিয়ে বাড়ির আঙিনায় রোপণ করেন। গত বছর থেকে গাছে বেগুন ধরতে শুরু করে। এর মধ্যে দুটি গাছের দুটি বেগুনের ওজন প্রায় এক থেকে দেড় কেজি করে হয়। এগুলো দেখতে তাঁর বাড়িতে অনেকেই ভিড় করে।সফর উদ্দিন বলেন, বড় আকারের বেগুন দুটি দেখে আকৃষ্ট হয়ে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাশপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামের কৃষক আবুল হোসেন তাঁর কাছ থেকে এক হাজার টাকায় এগুলো কিনে নেন।আবুল হোসেন জানান, এত বড় আকারের বেগুন তিনি কখনো দেখেননি। এগুলোর বীজ রোপণ করবেন বলে জানান তিনি।