দুটি ভবন উচ্ছেদ করল সিডিএ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার নগরের কাপাসগোলা এলাকা থেকে অননুমোদিত দুটি দোতলা ভবন উচ্ছেদ করেছেন। সিডিএর নির্বাহী হাকিম খিন ওয়ান নু-এর নেতৃত্বে এই অভিযানে সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ শামীমসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুলিশ এই উচ্ছেদ অভিযানে সহায়তা করে।
সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ শামীম প্রথম আলোকে বলেন, ভবন দুটির একটি হিজড়া খালের জায়গা এবং অন্যটি সড়কের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছিল। ভবন নির্মাণে সিডিএর কোনো অনুমোদন নেওয়া হয়নি। তাই ভবন দুটি উচ্ছেদ করা হয়েছে।
অভিযানের সময় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিডিএর প্রায় ২০ জন শ্রমিক হাতুড়ি ও শাবল দিয়ে ভবনের দুটির বিভিন্ন অংশ অপসারণ করেন। একটি বুলডোজার দিয়ে ভবনের পিলারগুলো ভেঙে দেওয়া হয়।
কায়সার আহমেদ নামের এক ভবন মালিক অভিযোগ করেছেন, চার মাস আগে ভবনটি নির্মাণ করা হয়েছে। সেখানে দোকান দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু তার আগেই সিডিএ তা ভেঙে দিয়েছে। এ জন্য কোনো নোটিশ দেয়নি।
তবে এই অভিযোগ অস্বীকার করে সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ শামীম বলেন, অবৈধ ও অননুমোদিতভাবে নির্মিত ভবন অপসারণের জন্য মালিকপক্ষকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা তা সরিয়ে নেননি।এ জন্য অভিযান চালিয়ে তা ভেঙে দেওয়া হয়েছে।