দুটি ভবন নির্মাণে হুমকিতে চারটি
কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের দুটি স্কুল কাম সাইক্লোন শেল্টারের ভবন নির্মাণ করতে গিয়ে অন্য চারটি ভবন হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী জানান, শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজি বশির আহমদ উচ্চবিদ্যালয়ের মাঝামাঝি স্থানে নতুন ভবনের ভিত্তি নির্মাণ করার জন্য ১৭টি বড় গর্ত করে এক মাস ধরে ফেলে রাখার কারণে বৃষ্টিতে গর্তগুলো ভেঙে সাইক্লোন শেল্টারে ফাটল দেখা দিয়েছে।
অন্যদিকে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও একই চিত্র। কিন্তু যেখানে নতুন স্কুল ভবনের নির্মাণের কাজ চলছে, সেখানে প্রতিনিয়ত সাগরের ঢেউ আঘাত হানছে। এতে হুমকিতে রয়েছে দুটি সাইক্লোন শেল্টার।
শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক কলিম উল্লাহ বলেন, প্রায় এক মাস ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসজি কনসোর্টিয়াম ভিত্তি স্থাপনের কথা বলে বড় গর্ত খুঁড়ে ফেলে রাখায় বর্তমানে পার্শ্ববর্তী সৌদি সরকারের অর্থায়নে ১৯৯৬ সালে নির্মিত সাইক্লোন শেল্টারের গাইড ওয়াল ভেঙে পড়ায় ভবনটি হুমকির মুখে পড়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
জালিয়াপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবদুর রহিম বলেন, এখানে আগের নির্মিত দুটি সাইক্লোন শেল্টারে প্রাথমিকের শিক্ষার্থীরা লেখাপাড়া করে আসছিল। তার ওপর নতুন ভবনের পাশাপাশি আগের ভবন দুটির জোয়ারের পানিতে বালু সরে যাওয়ায় এমনিতে হুমকিতে পড়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, পিডিবি-৩ প্রকল্পের আওতায় প্রতিটিকে প্রায় ৩৬ লাখ টাকা ব্যয়ে একতলাবিশিষ্ট শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজটি বরাদ্দ পায় মেসার্স এসজি কনসোর্টিয়াম এবং জালিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় ভবন কাম সাইক্লোন শেল্টারে কাজ পায় মেসার্স হোসনা ইন্টারন্যশনাল। তাদের মাধ্যমে এ ভবন দুটির নির্মাণ করা হচ্ছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, নতুন করে দুটি সাইক্লোন শেল্টার নির্মাণ করতে গিয়ে আগের চারটি ভবন হুমকিতে পড়েছে। নতুন দুটি ভবন অন্যত্রে সরিয়ে নেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান।