মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের নতুন ও পুরোনো ভবনে নানা সমস্যা দেখা দিয়েছে। বৃষ্টির সময় দুটি ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে বিভিন্ন বিভাগে তা জমে থাকে। বিভিন্ন তলার শৌচাগারের পানি দেয়াল চুইয়ে নিচে পড়ছে। এতে রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হাসপাতালের নতুন ভবনে র্যা ম্প (ট্রলি দিয়ে রোগী ওঠানামা করানোর সমতল সিঁড়ি) নেই। এতে বিদ্যুৎ না থাকলে লিফট বন্ধ হয়ে গেলে রোগী নিয়ে সমস্যায় পড়তে হয়। অন্যদিকে হাসপাতালের পুরোনো ভবনটিতে পয়োনিষ্কাশন ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। সেপটিক ট্যাংক উপচে ভবনের জরুরি বিভাগ, সার্জারি বিভাগ ও শিশু বিভাগের শৌচাগার বন্ধ হয়ে গেছে। ব্যবহার করতে হচ্ছে পাশের বিভাগের শৌচাগার। নতুন ও পুরোনো ভবনের বিভিন্ন তলার শৌচাগারের জন্য নির্মিত পানির লাইন ফেটে পানি দেয়াল চুইয়ে নিচে পড়ে। এ ছাড়া বৃষ্টি হলেই নতুন ভবনের জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড, রান্নাঘর, নতুন অপারেশন থিয়েটার, ডায়ালাইসিস ইউনিট, প্যাথলজি বিভাগ, গাইনি বিভাগসহ ভবনের বেশির ভাগ স্থানে ছাদ চুইয়ে পানি পড়ে। এতে এসব বিভাগ ও ওয়ার্ডে অস্বাস্থ্যকর ও অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে হাসপাতালের চারপাশের সীমানাদেয়াল উঁচু করা প্রয়োজন। হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হলেও আবাসিক ভবন সম্প্রসারণ করা হয়নি। ৫০ শয্যার জন্য নির্মিত রন্ধনশালা দিয়ে চলছে ২৫০ শয্যার হাসপাতালের রোগী ও কর্মকর্তা-কর্মচারীদের খাবার রান্নার কাজ। এটি ২৫০ শয্যার উপযোগী করে পুনর্নির্মাণ বা সম্প্রসারণ করা প্রয়োজন। হাসপাতালের বর্জ্য ফেলার জায়গাও অপ্রতুল। আন্ত ও বহির্বিভাগ পরিষ্কার করার পর যে বর্জ্য বের হয় তা ১০০ শয্যার জন্য নির্মিত ডাস্টবিনে ফেলতে হয়। পৌর কর্তৃপক্ষ নিয়মিত বর্জ্য পরিষ্কার না করায় আশপাশে ময়লার স্তূপ জমে যায়। হাসপাতালে বর্তমানে যে বিদ্যুৎ ব্যবস্থা চালু আছে তা ভারী চিকিৎসা যন্ত্রপাতি চালানোসহ সার্বিক কার্যক্রমের উপযোগী নয়।
এসব বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থ সারথি দত্ত বলেন, ‘বর্তমানে হাসপাতালের পুরোনো ভবনের অবস্থা খুবই খারাপ। স্বাস্থ্যমন্ত্রীকে লিখিতভাবে সবকিছু জানানো হয়েছে। হাসপাতালের নতুন ভবনের একাংশ চতুর্থ তলা, অন্য অংশ তৃতীয় তলাবিশিষ্ট। ভবনটি পাঁচতলা করা হলে আরও অধিকসংখ্যক রোগীর সেবাদান সম্ভব।