দুটি ভবনের একটি পরিত্যক্ত অন্যটি ঝুঁকিপূর্ণ, মাঠে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় শ্রীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবনের একটি পরিত্যক্ত, অন্যটি ঝুঁকিপূর্ণ হওয়ায় খোলা মাঠে কোনো রকমে চলছে পাঠদান। রোদ-বৃষ্টির কারণে তা-ও অনিয়মিত হয়ে পড়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা আশঙ্কাজনক কমে গেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের দুটি ভবন রয়েছে। উত্তর পাশে চার কক্ষবিশিষ্ট টিনশেড একতলা ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে ক্লাস নেওয়া হচ্ছিল। ২০১৩ সাল থেকে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ওই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে। এরপর থেকে ওই ভবনে পাঠদানসহ সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। এদিকে শ্রেণিকক্ষ সংকটের কারণে ২০০০-০১ অর্থবছরে বিদ্যালয়ের পূর্ব পাশে চার কক্ষবিশিষ্ট একতলা পাকা ভবন নির্মাণ করা হয়। গত ২৫ এপ্রিল ভূমিকম্পে এই ভবনের স্তম্ভ ও ছাদে ফাটল দেখা দেয়। এরপর কয়েক দফার ভূমিকম্পে এই ফাটলের মাত্রা বেড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে ১৩ মে উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভবনটি পরিদর্শনে যান। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তা দ্রুত মেরামত করা প্রয়োজন বলে বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল আজিজ জানান, গত বৃহস্পতিবার থেকে দুর্ঘটনার আশঙ্কায় এবং শিক্ষার্থীদের অভিভাবকদের চাপের মুখে ওই ভবনে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়। এ কারণে বাধ্য হয়ে রোদ-বৃষ্টির মধ্যে কোনো রকমে পাঠদান চালু রাখা হয়েছে।
গতকাল বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রভাতি শাখার প্রথম এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে রোদের মধ্যে ক্লাস করছে।
দ্বিতীয় শ্রেণির সৃষ্টি আক্তার ও সাকিব হোসেন এবং প্রথম শ্রেণির আমিনুল ইসলাম জানায়, রোদের মধ্যে ক্লাস করতে কষ্ট হয়।
এ সময় বিদ্যালয় ভবনের সংস্কারের দাবি করে শিশু শিক্ষার্থীরা।
প্রধান শিক্ষক আবদুল কাদের খান বলেন, বিদ্যালয় ভবনের এই বেহাল পরিস্থিতির কারণে খোলা আকাশের নিচে ক্লাস নিতে হচ্ছে। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি অর্ধেকে নেমে এসেছে। শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং পাঠদানকার্যক্রম সচল রাখতে জরুরি ভিত্তিতে ভবনটি সংস্কারের প্রয়োজন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার গোস্বামী বলেন, দফায় দফায় ভূমিকম্পের কারণে বিদ্যালয় ভবনটির কয়েকটি স্থানে ফাটলের সৃষ্টি হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃক্ষকে জানানো হয়েছে।
উপজেলা উপসহকারী প্রকৌশলী সোহেল হোসাইন বলেন, শ্রেণিকক্ষের চেয়ে ভবনের বারান্দাটা বেশি ঝুঁকিপূর্ণ। জরুরি ভিত্তিতে ভবনটি মেরামত করা প্রয়োজন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।