দুটি ভবনের নকশাবহির্ভূত অংশ অপসারণ
চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় নির্মাণাধীন দুটি ভবনের নকশাবহির্ভূত অংশ অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে থেকে বেলা দুইটা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাশেম অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে দুই ভবনের মালিককে জরিমানা করা হয়।
সিডিএ সূত্র জানায়, চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ৩ নম্বর সড়কে পাশাপাশি দুটি ছয়তলা ভবনের নির্মাণকাজ চলছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাশেম প্রথম আলোকে জানান, নকশা অনুযায়ী ভবনের সামনে-পেছনে যে পরিমাণ জায়গা খালি রাখার কথা, নির্মাণাধীন দুটি ভবনের ক্ষেত্রে তা মানা হয়নি। তাই দুটি ভবনের চারতলা পর্যন্ত বর্ধিত অংশ অপসারণ করা হয়েছে। ভবনের বাকি অংশ আগামী ১০ দিনের মধ্যে মালিকেরা নিজ উদ্যোগে অপসারণ করবেন বলে অঙ্গীকারনামা দিয়েছেন।
আবুল হাশেম জানান, ভবনের মালিক এয়াকুব চৌধুরীকে ৩৫ হাজার টাকা ও মোহাম্মদ মহিউদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় সিডিএর অথরাইজড কর্মকর্তা-১ মোহাম্মদ মন্জুর হাসান ও মহানগর পুলিশের প্রায় ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।