দুটি ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, লাইসেন্স নবায়ন না করা ও ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ যোগ না করায় চট্টগ্রামে দুটি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান দুটো হচ্ছে ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের মালিকানাধীন দাদা সয়াবিন তেল ও সিটি গ্রুপের তীর সয়াবিন তেল।
গতকাল শনিবার নগরের উত্তর পতেঙ্গায় যৌথভাবে এ অভিযান চালায় বিএসটিআই ও র্যা ব। অভিযানের নেতৃত্ব দেন র্যা ব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
বিএসটিআই চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা মো. শাফায়াত হোসেন বলেন, আইন অনুযায়ী ভোজ্যতেলে নির্দিষ্ট পরিমাণ ভিটামিন ‘এ’ যোগ করা বাধ্যতামূলক। কিন্তু দাদা সয়াবিন তেলে সেটি পাওয়া যায়নি। পাশাপাশি তারা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে উৎপাদন করছিল, বিএসটিআইয়ের লাইসেন্সও তাদের নেই। সে কারণে ভ্রাম্যমাণ আদালত তাদের ২০ লাখ টাকা জরিমানা করেছেন। আর তীর সয়াবিন তেলের লাইসেন্স নবায়ন করা ছিল না। সে কারণে তাদের চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।