দুটি মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে চিঠি
ঝালকাঠি শহরের শীতলা খোলা ও লোকনাথ বাবার মন্দিরের পুরোহিতকে গতকাল শনিবার চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এর আগের দিন শুক্রবার বরিশাল নগরের কালীবাড়ি সড়কের পাষাণময়ী কালীমাতার মন্দিরের পুরোহিতকেও হত্যার হুমকি দেওয়া হয়।
শীতলা খোলা ও লোকনাথ বাবার মন্দিরের পুরোহিত অমল ভট্টাচার্য বলেন, সকাল সাতটার দিকে তিনি মন্দিরে পূজা করতে যান। এ সময় তিনি মন্দিরের প্রাঙ্গণে একটি চিঠি পান। চিঠিতে লেখা রয়েছে, ‘আমাদের পরিচয় তোদের জানার দরকার নেই। আমরা হচ্ছি পুরোহিত হত্যা সংগঠন। আগে তুই, পরে তোর ছেলে। আমরা এখানে আছি। এই লেখা কাউকে দেখাবি না।’ চিঠি পাওয়ার পর তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, ‘চিঠিটি পেয়েছি। পুরোহিত ও তাঁর পরিবারের নিরাপত্তার ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি।’
বরিশালের পাষাণময়ী কালীমাতার মন্দিরের পুরোহিত দুলাল ভট্টাচার্যের স্ত্রী বলেন, তাঁর স্বামী শুক্রবার সন্ধ্যায় পূজা করতে এলে মন্দিরের মূল দরজা খোলার পর প্রণামি থালায় একটি কাগজ দেখতে পান। তাতে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি মন্দির কমিটিকে জানানো হয়েছে। এ ঘটনায় রাতেই বরিশাল কোতোয়ালি মডেল থানায় জিডি করা হয়।
হত্যার হুমকি দেওয়া চিঠিতে লেখা রয়েছে, ‘আল্লাহু আকবর। হত্যা কিলিং টার্গেট মিশন এবার বরিশালে অবস্থান করছে। বরিশালের সমস্ত মন্দিরের পুরোহিত এবং হিন্দু সংগঠনের নেতাদের মৃত্যু অনিবার্য। সকল হিন্দু নেতা, চাকরিজীবী এবং সাধারণ নাগরিকদেরও একে একে হত্যা করা হবে।
বরিশালের বিএনপির এক নেতা এবং আওয়ামী লীগের বর্তমান জনপ্রিয় নেতার সহযোগিতায় হত্যা ও টার্গেট কিলিং মিশন সফল করা হবে। পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী কেউ এ হামলা ও হত্যা ঠেকাতে পারবে না। হিন্দুরা বাঁচতে চাইলে ভারতে চলে যাও। এটা কোনো হাসি তামাশা নয়।’
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। গতকাল কালীবাড়ি এলাকায় প্রশাসন আইনশৃঙ্খলা বিষয়ে সভা করেছে।