দুটি মহাসড়কে দীর্ঘ যানজট
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম ও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল বৃহস্পতিবার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে শত শত যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
হাইওয়ে পুলিশের সদস্য ও যাত্রীরা জানান, ভোর চারটার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় ঢাকাগামী একটি বড় লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে যায়। এ থেকেই যানজটের সূত্রপাত। একপর্যায়ে তা ৫৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে যাত্রীরা বিশেষ করে রোগী, শিশু, বৃদ্ধ ও নারীরা চরম দুর্ভোগে পড়েন। বিকেল চারটার পর যান চলাচল স্বাভাবিক হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনার দুই ঘণ্টার মধ্যে রেকার এনে লরিটি সরিয়ে নিলেও আমিরাবাদ সেতু এলাকায় ভাঙা সড়কের কারণে যানজট তীব্র আকার ধারণ করে।
গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী হাইওয়ে পুলিশ জানায়, কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০০ থেকে ৪০০ মিটার এলাকাজুড়ে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কর্মীরা কয়েকবার ইট-বালু দিয়ে ওই খানাখন্দ জোড়াতালি দিলেও সেগুলো এক-দুদিনেই উঠে গেছে। এ ছাড়া পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কোনাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সব সময় হাঁটুসমান পানি জমে থাকে। এসব কারণে স্বাভাবিক গতিতে চলতে পারে না যানবাহনগুলো।
গতকাল সকাল ১০টার দিকে ওই এলাকায় একটি মালবাহী ট্রাক গর্তে পড়ে বিকল হয়। এতে উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে নিলেও সদর উপজেলার নাওজোড় থেকে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা পর্যন্ত ১০-১২ কিলোমিটার পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কোনাবাড়ীর ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম জানান, এক-দেড় মাস হলো কোনাবাড়ীতে মহাসড়কে বহু খানাখন্দের সৃষ্টি হয়েছে। খানাখন্দ থাকায় প্রতিদিন কোনাবাড়ী থেকে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
কোনাবাড়ী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনাবাড়ী এলাকায় থেমে থেমে যানজট ছিল।