চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় করা দুটি মামলা উচ্চ আদালতে কেন বদলি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলার নথিপত্র তলব করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি এবং এ আদেশ দেন।
মামলা দুটি হাইকোর্টে স্থানান্তরের নির্দেশনা চেয়ে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদসহ তিনজন এবং মিশুক মুনীরের স্ত্রী কানিজ এফ কাজী ও ছেলে সুহূদ মুনীর ১ অক্টোবর হাইকোর্টে পৃথক দুটি আবেদন করেন।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কামাল হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন।
২০১১ সালের ১৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় তারেক-মিশুকসহ পাঁচজনের মৃত্যু হয়। গত বছরের ১৩ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদনকারীরা ক্ষতিপূরণ চেয়ে দুটি মামলা করেন।