দুটি মামলা, ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কেন্দ্রীয় যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপসম্পাদক শ্যামল কুমার রায়ের মোটরসাইকেল বহরে হামলা এবং আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় শ্যামল কুমার রায় ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হককে প্রধান আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে। গত শুক্রবার রাতে কসবা থানায় ওই দুটি মামলা হয়।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে উপজেলার দুটি ইউনিয়নের ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ। গত শুক্রবার উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন ও সাধারণ সম্পাদক এমদাদুল হকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত হওয়া ছাত্রলীগের দুই নেতা হলেন উপজেলার কুটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. লিটন ভুঁইয়া, খাড়েরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. গোলাম জিলানী।
দলীয় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শ্যামল কুমারের বাড়ি কুটি গ্রামে। গত বৃহস্পতিবার বেলা দুইটার দিকে শ্যামল কুমারের নেতৃত্বে উপজেলার সৈয়দাবাদ কলেজ থেকে শতাধিক মোটরসাইকেলসহ একটি বিশাল বহর গৌরাঙ্গলা গ্রামে প্রবাসী সুমনের বাড়িতে দাওয়াত খেতে রওনা করে। মোটরসাইকেল বহরটি বায়েক গ্রামের মোড়ে পৌঁছলে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয় এবং আটটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
সংঘর্ষের ঘটনায় বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক সহিদ মিয়া বাদী হয়ে শ্যামল কুমারকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে গত শুক্রবার রাতে মামলা করেন। নিমবাড়ী গ্রামের উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন চৌধুরী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হককে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে গত শুক্রবার রাতেই মামলা করেন।
এমদাদুল হক বলেন, উপজেলা ছাত্রলীগের নির্দেশ অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মো. লিটন ভুঁইয়া, মো. গোলাম জিলানীকে বহিষ্কার করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, মামলা দুটি তদন্ত করা হচ্ছে।
গত শুক্রবার প্রথম আলোর বিশাল বাংলায় যুবলীগের নেতার গাড়িবহরে সাংসদের লোকজনদের হামলা শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।