দুটি মামলা থেকে অব্যাহতি পেলেন কাজী জাফর
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ দুর্নীতির দুটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আবদুল মজিদ এই আদেশ দেন। এ সময় কাজী জাফর আদালতে উপস্থিত ছিলেন।ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির অভিযোগে ১৯৯৪ সালে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা নাসির উদ্দিন মতিঝিল থানায় কাজী জাফরের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, কাজী জাফর আহমদ প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার প্রভাব খাটিয়ে টেক্সট বুক বোর্ডের তৎকালীন চেয়ারম্যান খুরশিদ আলমকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ শাখা থেকে এক শ কোটি টাকা বাংলাদেশ কমার্স ব্যাংক অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে জমা করার নির্দেশ দেন। ১৯৮৯ সালের ২৬ আগস্ট এই টাকা জমা করা হয়। অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে তৎকালীন ব্যুরো কর্মকর্তা লুৎফর রহমান ১৯৯৫ সালের ১১ ফেব্রুয়ারি গুলশান থানায় মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৪ সালের ২৩ আগস্ট কাজী জাফর আহমদ তাঁর সম্পদের হিসাব দাখিল করেন। ওই হিসাব বিবরণীতে ২২ লাখ ৮২ হাজার ৬২৯ টাকা এবং তাঁর পৈতৃক ৩৯ শতাংশ জমিতে পাঁচটি দোকানের তথ্য গোপন করেন। ১৯৯৯ সালের ২৫ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।