আমিনবাজারের বড়দেশী গ্রামে পিটিয়ে ছয় ছাত্র হত্যার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার তদন্তের দায়িত্ব পাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গতকাল মঙ্গলবার সাভার থানা থেকে মামলার নথিপত্র সিআইডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে, গতকাল নিহত পাঁচ ছাত্রের স্বজনদের সাক্ষ্য নিয়েছে তদন্ত কমিটি।গতকাল রাতে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবর রহমান প্রথম আলোকে বলেন, মামলা দুটির বিশদ তদন্তের জন্য এর তদন্তভার সিআইডিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর। সে অনুযায়ী তিনি গতকাল রাতে মামলার নথিতে স্বাক্ষর করে সিআইডিতে পাঠিয়ে দিয়েছেন।ছয় ছাত্রকে হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচ-ছয় শ গ্রামবাসীর বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং বড়দেশী গ্রামের এক বালু ব্যবসায়ী নিহত ছয় ছাত্রসহ কয়েকজনের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা করেছেন।সাক্ষ্য গ্রহণ: গতকাল সকাল সাড়ে নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত নিহত ছাত্রদের অভিভাবকদের সাক্ষ্য নিয়েছে তদন্ত কমিটি। নিহত ছয় ছাত্রের মধ্যে পাঁচজনের অভিভাবকেরা গতকাল সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের উপকমিশনারের (ডিসি) কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত কমিটির কাছে বক্তব্য দেন। নিহত ছাত্র সিতাব জাবির মুনিবের পরিবারের পক্ষ থেকে কেউ আসেননি।সাক্ষ্য নেওয়ার পর তদন্ত কমিটির প্রধান পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আমির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবারই সাক্ষ্য নেওয়া হবে। নির্দিষ্ট করে দেওয়া ১০ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন না হলে বাড়তি সময়ের জন্য আবেদন করা হবে। প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে যত দিন লাগবে, প্রয়োজনে তত দিনই তদন্তকাজ চলবে।সাক্ষ্য দেওয়ার পর নিহত ছাত্রদের স্বজনেরা জানান, সুষ্ঠু তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তদন্ত কমিটি তাঁদের নিশ্চিত করেছে। এ জন্য তাঁদের ধৈর্য ধরতে বলেছে তদন্ত কমিটি।গতকাল সকাল সাড়ে নয়টা থেকে তদন্ত কমিটি সাক্ষ্য নেওয়া শুরু করে। সবার আগে সাক্ষ্য দেন নিহত সামস রহিম সাম্মামের বাবা এস এম আমিনুর রহিম। নিহত ইব্রাহিম খলিলের বাবা আবু তাহের ও মা বিউটি আক্তার সাক্ষ্যশেষে বলেন, ইব্রাহিম বাসা থেকে কখন বেরিয়েছিল, মৃত্যুর খবর কীভাবে পরিবারের কাছে এল ইত্যাদি জানতে চেয়েছে কমিটি।আবু তাহের বলেন, ‘আমরা বলেছি, পুলিশের সামনেই তাদের পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তদন্ত কমিটি বলেছে, কোনো পুলিশ যদি দোষী হয়, তবে অবশ্যই শাস্তি হবে।’বাকি তিন ছাত্রের অভিভাবকের কাছেও একই রকম তথ্য জানতে চায় তদন্ত কমিটি।