হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় করা পৃথক মামলায় বিএনপির নারায়ণগঞ্জ জেলার সভাপতি তৈমুর আলম খন্দকারসহ ১০ জনের এক মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জানা যায়, ৬ মে কাঁচপুর এলাকায় হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক মামলা করে। দুটি মামলায় বিএনপির ১০ নেতা-কর্মী হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ, আমিনুল হক ও মাহবুব উদ্দিন খোকন মামলা পরিচালনা করেন।
এদিকে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ৫ ও ৬ মে ঘটে যাওয়া ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চেয়ে দাখিল করা রিট আবেদন জনস্বার্থের মামলা কি না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানিকালে আবেদনকারী আইনজীবীর কাছে এই প্রশ্ন করা হয়।
১৩ মে রিটটি করেন এক আইনজীবী। গতকাল শুনানির একপর্যায়ে আদালত বলেন, এটা কী জনস্বার্থের মামলা? প্রচারের স্বার্থে করা মামলা জনস্বার্থের মামলা হতে পারে না। আদালত তাঁকে কাল মঙ্গলবার জবাব দিতে বলে ওই দিন পর্যন্ত শুনানি মুলতবি করেন।