অর্থ আত্মসাতের অভিযোগে আটজন সরকারি কর্মকর্তাসহ নয়জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক পৃথক দুটি অভিযোগপত্র অনুমোদন করে।এসব অভিযোগপত্রে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা আদমজী অ্যান্ড সন্সের চারজন করে কর্মকর্তা এবং একজন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।অভিযোগপত্র থেকে জানা গেছে, অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ২২ মার্চ চারজন নৌ কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক সৈয়দ তাহসিনুল হক। আসামিরা হলেন: বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী (ড্রেজিং) এস এম মাসুকুল আলম, সাবেক উপসহকারী প্রকৌশলী আকতারুজ্জামান ভূঁঞা ও উপসহকারী প্রকৌশলী রোমান হোসেন এবং মেসার্স সেল অ্যান্ড কিটওয়ে প্যাকের পার্টনার ইনচার্জ মো. শেখ আল আবেদীন। তাঁদের মধ্যে এস এম মাসুকুল আলম, আকতারুজ্জামান ভূঁঞা ও রোমান হোসেন ইতিমধ্যে পদোন্নতি পেয়েছেন।অভিযোগপত্রে বলা হয়েছে, বিআইডব্লিউটিএর অধীনে ‘নৌপথের নাব্যতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় মোহনপুর-দৈখাওয়া নৌপথের খননকাজে পরস্পর যোগসাজশ এবং ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা ভাউচারের মাধ্যমে পাঁচ কোটি ৬২ লাখ ১৩ হাজার ১০১ টাকা ৬৫ পয়সা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।এ ছাড়া আদমজী অ্যান্ড সন্সের চারজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, তথ্য গোপন, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের সাবেক মহাব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন, উপমহাব্যবস্থাপক কান্তিলাল চক্রবর্তী, ব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) মো. ফেরদৌস বেগ ও সহকারী ব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) মো. আবদুল মতিন মোট ৮১ লাখ আট হাজার ৭৪৩ টাকা আত্মসাৎ করেছেন। ২০১০ সালের জুলাইয়ে মতিঝিল থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক মো. বেনজীর আহম্মদ।