শেরপুর সদর উপজেলার হালগড়া গ্রামে হামলায় তরুণের মৃত্যুর ঘটনার জের ধরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এসব ঘটনায় গ্রেপ্তার এড়াতে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
ওই ঘটনায় পুলিশের ওপর হামলা ও আব্দুস সাত্তার নামের (২৮) একজনের নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। এতে দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ফটিয়ামারী গ্রামের কায়েম উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম (২২) ও ফরহাদ আলীর ছেলে আল ফাহাদ রিপনকে (২২) গ্রেপ্তার করেছে। এ ছাড়া আব্দুস সাত্তারকে হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আসামি নজরুল ইসলামকেও (৩৫) গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, কয়েকটি বাড়ির বসতভিটায় আগুন জ্বলছে। আগুনে অবসরপ্রাপ্ত সেনাসদস্য রহিজ উদ্দিন ও তারা মিয়ার বাড়িসহ কয়েকটি বাড়িতে রাখা মাষকলাই, ধান ও রাসায়নিক সার পুড়ে গেছে। বাড়িগুলো প্রায় জনশূন্য। দু-একটি বাড়িতে কয়েকজন নারী আছেন।
তারা মিয়ার মেয়ে লাইজা খাতুন বলেন, ‘আগুনে আমার ছোট বোন এসএসসি পরীক্ষার্থী লাকি খাতুনের ও আমার বইপত্রসহ সব পুড়ে গেছে। আমাদের অপরাধ কী?’
পুলিশ জানায়, বৃহস্পতিবার জমি নিয়ে বিরোধের জের ধরে রফিকুল ইসলাম ও আব্দুল কাদিরের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয়ে আব্দুল কাদিরের পক্ষের আব্দুস সাত্তার শুক্রবার মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে বিকেলে একদল লোক রফিকুল ইসলামের পক্ষের ১০-১৫টি বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের ওপর হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম খান গতকাল রহিজ উদ্দিনসহ ৪৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।
এদিকে গতকাল দুপুরে সংসদে সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. আতিউর রহমান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। হুইপ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন। এ ছাড়া তাঁরা নিহত আব্দুস সাত্তারের বাড়িতে গিয়ে সান্ত্বনা দেন।