প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি এবং নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁকে আগামী ৩০ সেপ্টেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম এ বি এম নিজামুল হক গতকাল সোমবার দুটি মামলায় তাঁর বিরুদ্ধে এই সমন জারি করেন। আরেকটি মামলায় নগর গোয়েন্দা পুলিশকে তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন মহানগর হাকিম মুনতাসির আহমেদ। গতকাল সোমবার চট্টগ্রামের দুটি আদালতে পৃথকভাবে এই তিনটি মামলা হয়। মামলাগুলো করেন বাংলাদেশ আইন সহায়তা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তারেক খান চৌধুরী, লালখানবাজার ওয়ার্ড ওলামা লীগের সভাপতি আলতাফ হোসেন চৌধুরী এবং সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শিবাশীষ দত্ত অসীম। তিনটি মামলার আরজিতে বাদীরা মাহফুজুর রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ‘বাচাল’ অভিহিত করা এবং সাগর-রুনিকে জড়িয়ে কুরুচিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনেন। এ জন্য তাঁরা মাহফুজুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। আলতাফ হোসেন চৌধুরীর কৌঁসুলি এস এইচ এম হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মুখ্য মহানগর হাকিম এ বি এম নিজামুল হক অভিযোগ আমলে নিয়ে এটিএন বাংলার চেয়ারম্যানকে ৩০ সেপ্টেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেন।’ জারি করেন।’