দুটি মালখানার নিরাপত্তা নিয়ে পুলিশের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর ও জেলা দায়রা জজ আদালতের দুটি মালখানার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পুলিশ। স্থান সংকুলান না হওয়া মালখানা কক্ষের বাইরে থাকা বিভিন্ন মামলার আলামত চুরি (জব্দ করা গাড়ির যন্ত্রাংশ) হচ্ছে। দীর্ঘ সময় ধরে উন্মুক্ত স্থানে পড়ে থাকায় অনেক আলামত (গাড়ি) নষ্ট হয়ে যাচ্ছে। রাতে মালখানা এলাকায় ভবঘুরে ও মাদকসেবীদের আনাগোনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদার করতে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমকে চিঠি দিয়েছে পুলিশ।

বিচারাধীন বিভিন্ন মামলার ৪৮ হাজার আলামত সংরক্ষণ করা হচ্ছে চট্টগ্রাম নতুন আদালত ভবনের দুটি মালখানায়। ভবনের নিচতলায় মহানগর এবং দ্বিতীয় তলায় জেলা আদালতের মালখানা। স্থান সংকুলান না হওয়ায় দুটি মালখানার বারান্দা ও আদালত প্রাঙ্গণে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিভিন্ন মামলার আলামত। এর মধ্যে রয়েছে জব্দ করা ট্রাক, কাভার্ড ভ্যান, কার, অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশা। বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে নষ্ট হচ্ছে এসব আলামত।

গত ৫ জুন মহানগর মালখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬টি মামলার বিভিন্ন আলামতের (কাপড়, তেলের ড্রাম, কাগজপত্র) কিছু অংশ পুড়ে যায়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায় প্রথম আলোকে বলেন, অপরাধ প্রমাণের জন্য যেকোনো মামলায় জব্দ করা আলামত খুবই গুরুত্বপূর্ণ। জব্দ তালিকায় থাকা সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে এসে আলামতগুলো শনাক্ত করেন। এ ক্ষেত্রে আলামত যদি নষ্ট হয়ে যায় অপরাধ প্রমাণ করা যাবে না। কারণ, সাক্ষী যে আলামত দেখেছেন তার হেরফের হলে তিনি শনাক্ত করতে পারবেন না। এ ছাড়া আলামতগুলো নষ্ট হয়ে গেলে, মামলা নিষ্পত্তির পর নিলামে বিক্রি করা হলে উপযুক্ত মূল্য পাওয়া যাবে না। এতে সরকার রাজস্ব বঞ্চিত হবে। তাই গাড়িগুলো রাখার জন্য আলাদা শেড নির্মাণের পরামর্শ দেন এই জে৵ষ্ঠ আইনজীবী।

চট্টগ্রাম নগর ও জেলার ৩২ থানার হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদক, চোরাচালানসহ বিভিন্ন মামলার আলামত বিচার শেষ না হওয়া পর্যন্ত মালখানা দুটিতে সংরক্ষণ করা হয়। মামলা নিষ্পত্তি হওয়ার পর আলামত হিসেবে জব্দ করা মদ, ফেনসিডিলের বোতল, ইয়াবা বড়ি, গাঁজা ধ্বংস করা হয়। আর গাড়ি, শাড়িসহ ব্যবহার্য জিনিস মালখানা থেকে প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। বিক্রির পর ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।

গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, আলামত হিসেবে জব্দ করা কার, ট্রাক, কাভার্ড ভ্যান ও অটোরিকশা নতুন আদালত প্রাঙ্গণে খোলা আকাশের নিচে পড়ে আছে। এসব গাড়ির বেশির ভাগ যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। কোনোটির চাকা, কোনোটির দরজা আবার কোনোটির গ্লাস নেই। আদালত ভবনের পূর্ব দিকে মালখানার পাশে পড়ে আছে লক্কড়ঝক্কড় মোটরসাইকেল, অটোরিকশা ও রিকশা। ভবঘুরে ও মাদকসেবীরা গাড়ির যন্ত্রাংশ খুলে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, দুটি মালখানা থেকে প্রতি মাসে গড়ে ৬০টির বেশি আলামত ধ্বংস কিংবা নিলামে বিক্রি করা হয়। অন্যদিকে প্রতিদিন গড়ে ৪০টির বেশি মামলার আলামত মালখানায় আসে।

মালখানার সমস্যা দূর করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

এদিকে আলামত সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ৩১ জুলাই চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমকে চিঠি পাঠান মহানগর মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু সায়েদ। চিঠিতে বলা হয়, মহানগর মালখানায় বিভিন্ন মামলার ২৮ হাজারের বেশি আলামত সংরক্ষিত রয়েছে। এ ছাড়া ২০০টি মোটরসাইকেল, ৮টি সিএনজিচালিত অটোরিকশা, ২টি প্রাইভেট কার, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক খোলা আকাশের নিচে রাখা হয়েছে। গাড়িগুলোয় গ্যাস সিলিন্ডার ও তেলের ট্যাংক রয়েছে। সিলিন্ডার বিস্ফোরিত হয়ে যেকোনো সময় অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। মালখানা একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থান হওয়ায় এর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

পুলিশের দেওয়া ওই চিঠিতে মুখ্য মহানগর হাকিমের কাছে পাঁচটি আবেদন করা হয়। এর মধ্যে রয়েছে ফায়ার সার্ভিসের মাধ্যমে জব্দ করা আলামত ট্রাক, মিনি ট্রাক, অটোরিকশা, প্রাইভেট কার ও মোটরসাইকেলের ভেতরে থাকা গ্যাস, পেট্রল, অকটেন ও মবিল বের করে যথাযথ অগ্নিনিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা। মালখানার বৈদ্যুতিক লাইন পরীক্ষার ব্যবস্থা নেওয়া। স্থান সংকুলান না হওয়ায় যেসব আলামত বাইরে রাখা হয়েছে এর নিরাপত্তার জন্য আদালত ভবনের নিচতলার পূর্ব দিকে গেট নির্মাণ করা। আলামতের নিরাপত্তার জন্য প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত মালখানার সামনে তিনজন পুলিশের পাহারা রাখা। এ ছাড়া সরকারি বন্ধের সময় দিন-রাত পাহারার ব্যবস্থা রাখা।

চিঠিতে বলা হয়, সন্ধ্যার পর থেকে মালখানার আশপাশে মাদকসেবীরা ঘোরাফেরা করে। কিন্তু অনেক আলামত বাইরে পড়ে আছে। আলামতগুলো সংরক্ষণের জন্য আদালত ভবনের নিচতলার খালি কক্ষটি মালখানার জন্য বরাদ্দ করা প্রয়োজন।

জেলা মালখানায় ২০ হাজার আলামত সংরক্ষণ রয়েছে। এই মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক শওকত হোসেন প্রথম আলোকে বলেন, স্থান সংকুলান না হওয়ায় যেসব আলামত (গাড়ি) বাইরে রাখা হয়েছে, তার জন্য আলাদা একটি শেড থাকা প্রয়োজন। এতে আলামতগুলো নষ্ট হতো না।